কুড়িগ্রামের ফুলবাড়ীতে দায়িত্বরত অবস্থায় নিজ নামে ইস্যুকৃত অস্ত্রের গুলিতে নিহত হয়েছে এক বিজিবি সদস্য।
তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গংগারহাট বিওপি’তে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টায় ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্র নিজের বুকে ঠেকিয়ে গুলি করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তিনি একজন সিপাহী এবং তার ব্যাচ নং-১১৪৬০৪। তিনি ঝিনাইদহ জেলার সদর থানার খাজুরা গ্রামের বাবুল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সিপাহী নাসিম উদ্দিন বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত টহলে থাকার কথা ছিল। সে মোতাবেক রাত পৌনে ১টায় তিনি অস্ত্রসহ সজ্জিত হয়ে রুম থেকে বের হন। এর কিছুক্ষণ পরেই তিনি ক্যাম্পের ভিতরেই নিজের অস্ত্রে বুকের ডান পাশে গুলি চালিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত সেখানে গিয়ে সিপাহী নাসিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মনজুরুল ইসলাম জানায়, ভোরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/বি