ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে পরিচিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ থোয়াইহ্লা মার্মা নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ক্যাকরোপ জুমখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটককৃত থোয়াইহ্লা মার্মা একই এলাকার চাহ্লা মার্মার ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন পালানোর চেষ্টা করলে থোয়াইহ্লা মার্মাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা প্রতিবেদককে বলেন, ‘উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা মাদককারবারিদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা এই এলাকায় বিশেষ নজরদারি ও ধারাবাহিক অভিযান পরিচালনা করছি।’
স্থানীয়দের দাবি, ‘নাইক্ষ্যংছড়ি সদর আশারতলী, চাকঢালা, জামছড়ি ও ফুলতলী এলাকাতেও একইভাবে মাদকবিরোধী অভিযান জোরদার করা প্রয়োজন।’
পুলিশ জানিয়েছে, ‘সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
কেকে/বি