মৌলভীবাজার জেলার চারটি নির্বাচনি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হয়েছে পাঁচ প্রার্থীর এবং বৈধ প্রার্থী ২৬ জন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এ ঘোষণা করেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৫জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিস এর প্রার্থী লোকমান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, জাতীয় পার্টির আহেমদ রিয়াজ উদ্দিন, গণফ্রন্টের প্রার্থী মো. শরিফুল ইসলাম ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো.আব্দুন নুর।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খাঁন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সায়েদ আলী, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আব্দুল কুদ্দুছ, স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক খান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক।
মৌলভীবাজার-৩ আসনে (সদর-রাজনগর) বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আহমদ বিলাল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী জহর লাল দত্ত।
মৌলভীবাজার-৪ আসনে (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিফ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী মো. আবুল হাসান ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুর রব।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী, মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের, একই আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. ইলিয়াছ হোসেন, মৌলভীবাজার-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন জিপু ও মুঈদ আশিক চিশতী।
মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন। তৃতীয় লিঙ্গ রয়েছেন ৮ জন।
মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, “দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে চারটি আসনের ৫জন প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় তা বাতিল ঘোষণা করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে। এছাড়া অন্য ২৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”
কেকে/এলএ