মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
জাতীয়
তারেক রহমানের ভাবনায় নতুন বাংলাদেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৭ এএম আপডেট: ০৪.০১.২০২৬ ১১:০৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর ভার্চুয়ালি দলের দায়িত্ব সামলান তারেক রহমান । দীর্ঘ সময় লন্ডন থেকে তিনি দল পরিচালনা করছিলেন। সম্প্রতি মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ১৭ বছর পর প্রবাস জীবন শেষ করে ২৫ ডিসেম্বর দেশে ফিরেন। কিন্তু দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মধ্যেই, ৩০ ডিসেম্বর, মা খালেদা জিয়াকে হারান তিনি। 

মায়ের মৃত্যুর পর এখন দলের পুরো দায়িত্বই তারেক রহমানের কাঁধে। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতেও তাকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ছাড়া নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের ভূমিকা কেমন হবে, তা-ও নির্ধারণ করতে হবে তাকে। এমন প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠজনরা বলছেন, মা বেগম খালেদা জিয়াকে হারিয়ে গভীর শোকার্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধীরে ধীরে নিজেকে সামলে নিচ্ছেন। শোককে শক্তিতে পরিণত করে চব্বিশোত্তর নতুন বাংলাদেশ গড়তে চান তিনি।

তার ভাবনায় এখন দল ও দেশ দুটিই। মা হারানোর গভীর শোক কাটিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে মনোনিবেশ করছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর ব্যক্তিগত শূন্যতাকে তিনি এখন দেশসেবার শক্তিতে রূপান্তর করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই নানামুখী কর্মপরিকল্পনা তিনি হাতে নিয়েছেন। মায়ের আদর্শকে ধারণ করে তারেক রহমান এখন এক নতুন যাত্রার দ্বারপ্রান্তে। শোকের মেঘ কাটিয়ে তিনি যে সূর্যের প্রত্যাশা করছেন, তা হলো একটি সমৃদ্ধ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। দেশের সাধারণ মানুষ এবং দলের কর্মীরা এখন তারই নির্দেশনায় একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন তিনি। এর অংশ হিসেবে তারেক রহমান গতকাল নিজের একান্ত সচিব ও প্রেস সচিব নিযুক্ত করেছেন।

তারেক রহমানের ঘনিষ্ঠজনদের মতে, বেগম খালেদা জিয়ার মৃত্যু তারেক রহমানের জন্য কেবল অভিভাবক হারানো নয়, বরং একটি রাজনৈতিক যুগের অবসান। তবে শোককে শক্তিতে পরিণত করার যে দীক্ষা তিনি পরিবার থেকে পেয়েছেন, তা তাকে দ্রুতই কর্মতৎপর করে তুলেছে। চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের হাল ধরা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত ও কৌশলী। তার বর্তমান ধ্যানজ্ঞানজুড়ে রয়েছে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং আধুনিক বাংলাদেশ। তারেক রহমানের ভাবনায় নতুন বাংলাদেশের মূল ভিত্তি হলো জনগণের শাসন। তার রাজনৈতিক চিন্তার প্রধান দিকগুলো হলো—রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, সুশাসন ও মানবাধিকার, অর্থনৈতিক স্বনির্ভরতা। অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তি দেওয়া।

এদিকে, আগামী মঙ্গলবার কয়েকদিনের জন্য সড়কপথে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন তারেক রহমান। সফরের প্রথমে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের কবর জিয়ারত করার কথা জানা গেছে। আগামীকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফর এবং তার পূর্ণ চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এখনো সাত দিনের দলীয় শোক কর্মসূচি চলছে, যা মঙ্গলবার পর্যন্ত থাকবে। এই মুহূর্তে ঢাকার বাইরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যাওয়ার কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবেন বলে জেনেছি।”

এদিকে বিএনপির মনোযোগের কেন্দ্রে এখন ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে এবং শোকের আবহের মধ্যেও তারা পুরোপুরি নির্বাচনমুখী হতে চান। দলীয় প্রধানের মৃত্যুতে দল ঘোষিত সাত দিনের শোকের কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষেই পূর্ণোদ্যমে ভোটের মাঠে সক্রিয় হবেন ধানের শীষের প্রার্থী ও নেতাকর্মীরা।

এ ছাড়া দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিকে কেন্দ্রীয়ভাবে দৃষ্টি রাখছে বিএনপি। পাশাপাশি দল মনোনীত প্রার্থী ও মিত্রদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলোর যেখানে দলের ‘স্বতন্ত্র’ বা ‘ব্রিদোহী’ প্রার্থী রয়েছে সেদিকেও নজর রাখা হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রতীক বরাদ্দ এবং নির্বাচনের মাঠে পুরোপুরি নামার আগে এ বিষয়গুলোতে জোর দিচ্ছেন বিএনপির হাইকমান্ড। একই সঙ্গে প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণ এবং দলীয় ইশতেহার চূড়ান্তকরণের কাজও এগিয়ে রাখছে বিএনপি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, তা বিএনপিকে আরও শক্তিশালী করবে। দেশের এই ক্রান্তিকালে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি দরকার ছিল, সে সময় তার চলে যাওয়ায় দেশবাসী গভীরভাবে মর্মাহত হয়েছে। এ কারণে জানাজায় সবাই সমবেত হয়েছেন, চোখের অশ্রু ফেলেছেন। তার চলে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কর্তব্য পালন করবেন, এ প্রত্যয় নিয়ে গেছেন দেশের মানুষ। আগামীতে তারেক রহমানের নেতৃত্বই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করবে। আগামী জাতীয় নির্বাচনে দেশের পক্ষের যে শক্তি রয়েছে, তা বিএনপিকে বিজয়ী করবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, “বর্তমানে তারেক রহমানের কাছে দল এবং দেশ সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তিনি বিশ্বাস করেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক দলই পারে একটি স্থিতিশীল রাষ্ট্র উপহার দিতে। নিশ্চয়ই তারেক রহমান দলকে এমনভাবে গড়ে তুলবেন যাতে তৃণমূলের ভূমিকা প্রাধান্য পাবে। যেটি তিনি দেড়যুগ আগে শুরু করেছিলেন। একই সঙ্গে চব্বিশের ঐতিহাসিক বিপ্লবে তরুণদের যে ভূমিকা ছিল, তার প্রতি সম্মান জানিয়ে আগামীর নেতৃত্বে মেধাবী ও সৎ তরুণদের অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনায় নজির তৈরি করবেন তারেক রহমান।”

সুত্র: কালবেলা

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   বিএনপি   নতুন বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close