মাগুরার মহম্মদপুরে দ্রুতগামী ইটবোঝাই নসিমনের ধাক্কায় মো. বজলুর রহমান নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হরেকৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বজলুর রহমান উপজেলার চিত্তবিশ্রাম গ্রামের মৃত আলহাজ্ব মোন্তাজ উদ্দিন মোল্যার ছেলে। তিনি মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে অবস্থিত ‘হালিমা ফার্মেসি’র স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বজলুর রহমান নিজ মোটরসাইকেল নিয়ে ঝামা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে হরেকৃষ্ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবোঝাই নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কে আছড়ে পড়েন এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক নসিমনটি শনাক্ত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ আরআই