মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
জাতীয়
আনন্দবাজারে তারেক রহমানকে নিয়ে অসত্য ছড়ালেন শাহরিয়ার কবির
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির পাকিস্তান টিভি নামের একটি সংবাদমাধ্যমের টকশোতে উপস্থিত হয়ে আনন্দবাজার পত্রিকার উদ্ধৃতি দিয়ে দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে বলা হয়েছে—তিনি ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না।

টকশো চলাকালে ব্যারিস্টার শাহরিয়ার ইংরেজিতে বলেন, “একটি প্রভাবশালী ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে দাবি করেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। সেই চুক্তি অনুযায়ী তিনি ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। মোট তিনটি চুক্তি আছে। ঠিক এমনটাই করা হয়েছিল ১৯৭১ সালে। সে সময় আওয়ামী লীগ একটি চুক্তি স্বাক্ষর করেছিল, যাকে আমরা দাসত্বের চুক্তি বলি।”

তবে আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইট পর্যালোচনায় দেখা যায়, গত ছয় মাসে বিএনপি, তারেক রহমান ও ভারতের সম্পর্ক নিয়ে মোট চারটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনের কোনো একটিতেও ভারতের সঙ্গে তারেক রহমানের স্বাক্ষরিত এমন কোনো চুক্তির কথা উল্লেখ নেই, যেখানে বলা হয়েছে যে তিনি ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না।

এর মধ্যে বুধবার (১৫ নভেম্বর ২০২৫) প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল— “খালেদার ছেলের রাজধানী: নয়াদিল্লির বন্ধুত্ব, এমনকি মুক্তিযুদ্ধও”।

ওই প্রতিবেদনে বলা হয়, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মূলত নয়াদিল্লির সমর্থন পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুসারে, বিএনপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চুক্তিগুলো প্রভাবিত হবে না এবং তারেক রহমানের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে যে বাংলাদেশের মাটি কোনোভাবেই ভারতবিরোধী কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না।”

প্রতিবেদনটিতে আরও বলা হয়, “ভারতীয় গোয়েন্দা সূত্রের মতে, ঢাকাকে নিজের পাশে রাখতে নয়াদিল্লিরও বিএনপিকে প্রয়োজন। কারণ আওয়ামী লীগ বিভিন্ন বিধিনিষেধের কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান রোধ করতে বিএনপিই কার্যকর ভূমিকা রাখতে পারে।”

এ ছাড়া বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) প্রকাশিত “তারেক রিটার্নস, দিল্লির আশাবাদী সম্পর্ক” শীর্ষক প্রতিবেদনে বলা হয়, “ডিসেম্বরের শুরুতে ভারত ও বিএনপির মধ্যে মতবিনিময়ের খবর প্রকাশ পেতে শুরু করে। কূটনৈতিক সূত্রের মতে, ২০১৮ সালে খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার পর থেকে লন্ডন কার্যত বিএনপির রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে ভারতীয় কূটনীতিকদের যাতায়াত বেড়েছে।”

এ ছাড়া শনিবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত “সমালোচক তারেক নয় দিল্লির বিকল্প” এবং মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত “দিল্লি খালেদার পুত্রের নেতৃত্বে আস্থা রেখেছে, তারেকের কাছে চিঠিতে মোদির বার্তা” শীর্ষক আরও দুটি প্রতিবেদনে বিএনপি, তারেক রহমান ও ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।

তবে এসব প্রতিবেদনের কোথাও উল্লেখ নেই যে তারেক রহমান ভারতের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষর করেছেন, কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো অঙ্গীকার করেছেন। তিনটি চুক্তির অস্তিত্বের কথাও কোথাও বলা হয়নি।

এটি উল্লেখযোগ্য যে, আনন্দবাজার পত্রিকার এসব প্রতিবেদনে “পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র”, “কূটনৈতিক সূত্র” এবং “ভারতীয় গোয়েন্দা সূত্র”–এর মতো অস্পষ্ট উৎস ব্যবহার করা হয়েছে। কোনো প্রতিবেদনে বিএনপি, তারেক রহমান বা ভারত সরকারের দায়িত্বশীল কোনো কর্মকর্তার সরাসরি বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে এসব প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

অতএব, আনন্দবাজার পত্রিকার উদ্ধৃতি দিয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির যে দাবি করেছেন—তারেক রহমান ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন—তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

উল্লেখ্য, ব্যারিস্টার শাহরিয়ারকে বিভিন্ন টকশোতে জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য দিতে দেখা গেছে। সম্প্রতি একটি জনসমাবেশে তিনি বিতর্কের জন্ম দেন এই মন্তব্য করে যে, “স্বর্গে যেতে হলে জামায়াতে ইসলামীর সমর্থন করতে হবে।” পরে তিনি দাবি করেন, এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি এবং তার মন্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তবে দ্য ডিসেন্ট–এর যাচাইকরণে দেখা গেছে, তিনি সত্যিই এমন বক্তব্য দিয়েছেন এবং পরে তা অস্বীকার করে মিথ্যা দাবি করেছেন।

 সুত্র: দ্য ডিসেন্ট

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তারেক রাহমান   শাহরিয়ার   অসত্য   আনন্দবাজার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close