মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
জাতীয়
চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ২:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচনি প্রচার শুরুর আগে চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, সফরটি সম্পূর্ণ ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক ও মানবিক সাক্ষাৎভিত্তিক।

সফরসূচি অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) সকালে তারেক রহমান ঢাকা থেকে যাত্রা শুরু করবেন এবং ১৪ জানুয়ারি ফিরবেন। চার দিনের সফরকালে দিনের কর্মকাণ্ড শেষে তিনি বগুড়া, ঠাকুরগাঁও ও রংপুরে রাতযাপন করবেন।

বিএনপির দায়িত্বশীল সূত্রে জানানো হয়েছে, কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সফর সম্পর্কে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে আগাম যোগাযোগ করা হয়েছে। তারা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এড়িয়ে চলার বিষয়ে সতর্ক থাকবেন। সফরের মধ্যে তারেক রহমান নানির কবর জিয়ারত করবেন এবং দেশের ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কয়েকটি স্থানে শ্রদ্ধা নিবেদন করবেন।

সূত্রগুলো বলছে, বিগত স্বৈরাচারী সরকারের বিরোধী আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এর মধ্যে শহীদ আবু সাঈদের পরিবারসহ একাধিক শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।

সফরের প্রথম দিন, ১১ জানুয়ারি, ঢাকা থেকে তিনি টাঙ্গাইল যাবেন। সেখানে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও স্মৃতিবিজড়িত স্থানে শ্রদ্ধা জানাবেন। এরপর সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন। দ্বিতীয় দিন, ১২ জানুয়ারি, বগুড়া থেকে রংপুর ও দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও যাবেন। প্রথমে রংপুরের পীরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর দিনাজপুরে নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন এবং দিনাজপুর থেকে ঠাকুরগাঁও গিয়ে রাতযাপন করবেন। ১৩ জানুয়ারি, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে ফিরে সেখানে রাতযাপন করবেন। ১৪ জানুয়ারি, বগুড়ার গাবতলীতে যাবেন এবং সেখান থেকে ঢাকায় ফিরবেন।

১৭ বছর পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। ৩০ ডিসেম্বর ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুতে বিএনপির সাত দিনের শোক কর্মসূচি ৫ জানুয়ারি শেষ হয়েছে। মায়ের মৃত্যুশোক কাটিয়ে তিনি দলের স্বাভাবিক কার্যক্রম ও সামাজিক কর্মসূচিতে ফিরছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি দীর্ঘদিন পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন। সেখানে তিনি অনেক কাজও করেছেন। পিতৃভূমির পাশাপাশি সফরে তিনি রংপুরে আবু সাঈদসহ ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাটে একাধিক শহীদের কবর জিয়ারত করবেন। ঠাকুরগাঁওয়ে প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়ার অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরকালে বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সফরে নির্বাচনি আচরণবিধি অনুসরণের বিষয়ে কমিশনকে অবহিত করে আশ্বস্ত করা হয়েছে। দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সফরে কোথাও মিছিল-সমাবেশ বা শোডাউন না করা হয়, যাত্রাপথে ব্যানার, ফেস্টুন, তোরণ বা পোস্টার না লাগানো হয়। এসব নির্দেশনা অমান্য করলে তা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। জুলাই গণ-অভ্যুত্থানসহ বিগত আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি যাচ্ছেন।

তারেক রহমান ১৪ জানুয়ারি ঢাকায় ফিরবেন এবং ১৫ জানুয়ারি ঢাকায় নিযুক্ত একটি গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকের সঙ্গে সাক্ষাত করবেন। সফরকালে বিভিন্ন জেলার দলীয় নেতাদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, ভোটকেন্দ্রভিত্তিক সমন্বয় ও প্রচারকৌশল নিয়ে বৈঠক হতে পারে। এছাড়া তিনি ভোটের মাঠে দলীয় শৃঙ্খলা ও ঐক্য জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দিতে পারেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সফর   উত্তরাঞ্চল   তারেক রহমান   নির্বাচন   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close