নির্বাচনে অংশ নিয়ে এখনো পরাজিত হননি ঢাকা-২০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহন করবেন। জয় ও ভোটের ব্যবধানে তিনি সারা দেশের মধ্যে শীর্ষ দশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সকল কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-২০ ধামরাই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন।
ইতিপূর্বে ধামরাইয়ে জণগনের প্রত্যক্ষ ভোটে তিনি তিন বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অংশগ্রহন করে কখনো পরাজয় না করার পিছনে তার প্রতি ধামরাইয়ের সর্বস্তরের জনগণের আস্থা, বিশ্বাস ও ভালবাসা জয়ের জন্য ভূমিকা রাখছে বলে মনে করছেন প্রবীন রাজনীতিবিদ এই নেতা।
তমিজ উদ্দিন বলেন, ‘একজন প্রার্থী যদি সৎ থাকে, সত্যকে সকল সময় সামনে এগিয়ে ধরে খারাপকে অপছন্দ করে, প্রয়োজনে প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করে, তাহলে জনগণ এটাকে প্রাধান্য বেশি দিয়ে থাকে। জনগণ শান্তিতে বসবাস করতে চায়। এই শান্তির বিষয়ে, আমার ধারণা প্রত্যেকটি মানুষের আস্থা আছে। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হবে না। জনগণ মনে করে অন্যায়ের বিরুদ্ধে তিনি সব সময় দাঁড়িয়েছে এখনো দাঁড়াবে। এর জন্যই ধামরাইয়ের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে।’
তিনি আরোও বলেন, ‘ধামরাইয়ের উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠায় প্রাণ প্রিয় ধামরাইবাসী আমাকে বিজয়ী করে। ধামরাইয়ের মানুষ বারবার প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় আপোষহীন।’
তমিজ উদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বলেন, ‘পতিত আ.লীগ সরকারের জুলুম হামলা মামলার শিকার হয়ে সকল বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করে বিগত সময়ে আমাকে বিজয়ী করেছে। তারই ধারাবাহিকতায় এবারও জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে। দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় এবং তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। এ কারণে আমি আশাবাদী, ধামরাইয়ে ধানের শীষের শক্ত অবস্থান গড়ে তুলে একশত সাতচল্লিশটি কেন্দ্রে বিপুল ভোটে সারা দেশের শীর্ষ দশ আসনের মধ্যে থেকে জয়লাভ করব ইনশাআল্লাহ।’
স্থানীয় সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছেন। হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে ১৭টি মামলা খেয়েছেন এবং কারাবরণও করেছেন।
তমিজ উদ্দিনের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিএনপির আমলে ১৯৯০ সালে উপজেলা আ.লীগের তৎকালীন সভাপতি বর্তমানে ঢাকা জেলা আ.লীগের সভাপতি সাবেক এমপি বেনজীর আহমেদকে পরাজিত করেন। আ.লীগ সরকারের আমলে প্রতিকূল ও বৈরী পরিবেশের মধ্যে ২০০৯ সালে উপজেলা আ.লীগের সভাপতি সাবেক এমপি এমএ মালেক ও ২০১৪ সালে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরকে পরাজিত করেন। এ ছাড়া ৪০ বছর আগে ধামরাই ইউনিয়ন (বর্তমানে পৌরসভা) পরিষদের চেয়ারম্যান পদে গোলাম কবির মোল্লার বাবা মানিক মোল্লা ও সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকেও তিনি পরাজিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. তমিজ উদ্দিনসহ জামায়াতে ইসলামীর আব্দুর রউফ, খেলাফত মজলিশের আশরাফ আলী, জাতীয় পার্টির আহছান খান, এনসিপির নাবিল তাসনিদ ও জাসদের আরজু মিয়াসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
কেকে/বি