মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:৪৭ এএম

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে জেলা শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে হোটেলটির চারতলা থেকে দোতলায় নামতে ছয়জন ধারণক্ষমতার লিফটে বরসহ ১০ জন ওঠেন।

অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায় এবং প্রান্তসীমায় গিয়ে থেমে পড়ে। এতে লিফটের ভেতরে থাকা সবাই আটকা পড়েন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লিফটটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন হওয়ায় সেটি ছিঁড়ে পড়েনি। লিফটের ভেতরে থাকা যাত্রীরা ইন্টারকমের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে হোটেল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে লিফটটি ওপরে তোলার চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে নিচতলার লিফটসংলগ্ন দেয়াল ভেঙে একে একে ১০ জনকে উদ্ধার করা হয়। বিকাল পৌনে ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)।

তাদের মধ্যে বর হলেন জোনায়েদ তারেক। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরপক্ষের লোকজন দূরের হওয়ায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটনে অবস্থান নেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরানথানায় অবস্থিত ঐতিহাসিক শহীদী মসজিদে বিয়ে সম্পন্ন হয়। পরে মধ্যাহ্নভোজের জন্য হোটেল থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। লিফটে আটকে পড়া ১০ জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে।

হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান বলেন, লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। ধারণক্ষমতার দ্বিগুণ মানুষ ওঠায় এ পরিস্থিতি তৈরি হয়। লিফটটি আধুনিক হওয়ায় ধীরে নিচে নেমে গিয়ে থেমে পড়ে। ফায়ার সার্ভিস দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ সম্পন্ন করেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হোটেল   লিফট   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close