মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
জাতীয়
নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম আপডেট: ১০.০১.২০২৬ ৩:১৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) ইইউর চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়াসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ইইউ চায় নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করে-এতে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্ন হবে।”

তিনি বলেন, “ইইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর ভাবনা ও উদ্বেগ জানতে আগ্রহী। তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে এনসিপিকেও সহযোগিতার আশ্বাস দিয়েছে ইইউ।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “দেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস বা ঐকমত্য সব রাজনৈতিক দলের নেই, এমনকি এনসিপিরও নেই। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ-সুবিধা ও বিশেষ প্রোটোকল দেয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে, যা নির্বাচনি মাঠে অসমতা তৈরি করতে পারে।”

মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “কিছু মূলধারার গণমাধ্যম এনসিপিকে লক্ষ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে। প্রশাসন ও মিডিয়ায় সমান সুযোগ নিশ্চিত করার দাবি এনসিপির।”

তিনি জানান, এসব বিষয় নির্বাচন কমিশনকে বারবার জানানো হচ্ছে এবং ধারাবাহিকভাবে আপডেট দেয়া হবে। মাঠে গিয়ে কী ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে, তাও কমিশনকে জানানো হবে।

নাহিদ ইসলাম বলেন, “ঋণখেলাপিদের বিষয়ে নির্বাচন কমিশনের আরও কঠোর অবস্থান প্রয়োজন। প্রাথমিকভাবে অনেক ঋণখেলাপির মনোনয়ন বৈধ ঘোষণার অভিযোগ এসেছে। এছাড়া পোস্টারিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রমে আইন লঙ্ঘনের চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এসব ক্ষেত্রে নির্বাচন কমিশন যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়- এটাই এনসিপির প্রত্যাশা।”

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, “শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় মাঠে একটি নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সরকার কিছু উদ্যোগ নিলেও আশঙ্কা পুরোপুরি কাটেনি। তবুও এনসিপি মাঠে কাজ চালিয়ে যাবে এবং ২১ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা আরও জোরদার করবে।”

আসন সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপির অবস্থান শিগগিরই স্পষ্ট হবে। আগামী ১১ বা ১২ তারিখের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপির জোট নির্বাচনি প্রস্তুতিতে অনেকখানি এগিয়ে রয়েছে এবং গণভোটের পক্ষে ইতিমধ্যে প্রচারণা শুরু হয়েছে। আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা এলে আর বড় কোনও চ্যালেঞ্জ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  আসন্ন নির্বাচন   নিরপেক্ষতা   নাহিদ ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close