বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি ক্ষমতায় দেশের প্রত্যেকটি পরিবারের মায়েরা ও নারীরা ফ্যামিলি কার্ড পাবে।
আর প্রত্যেকটি গ্রামের কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে। এই কার্ড ব্যবহার করে মায়েরা ও কৃষকরা সেবা এবং সুবিধা পাবেন। যদি আমরা নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি তাহলে অনেক উন্নয়ন করা হবে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া কাজী বাড়ি চত্বরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছেন। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করার কারণে তিনি শুধু বিএনপির নয়, সারা বাংলাদেশের অভিভাবক হয়েছিলেন।
শামা ওবায়েদ বলেন, নির্বাচিত হলে আমি শুধু একা সংসদে যাব না। আমি সালথা-নগরকান্দার সবাইকে নিয়ে সংসদে যাব। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সব মানুষকে ভালোবেসেছেন।
দল-মত-নির্বিশেষে সবার পাশে দাঁড়িয়েছেন। আমিও বাবার মতো সবাইকে ভালোবাসি এবং বাকি জীবন সবার পাশে থেকে যাব।’
ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রইসউদ্দীন চোকদারের সভাপতিত্বে দোয়া ও আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্যা, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সহসভাপতি কাজী এস্কেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
কেকে/ এম.এফ.এইচ