কুমিল্লার তিতাস উপজেলার ৯ নম্বর মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টুর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বক্তব্যে ধানের শীষ মার্কা নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি। ভিডিওতে তিনি দলের শক্তি ও ভোট প্রতিযোগিতার প্রস্তুতি, পাশাপাশি সম্ভাব্য প্রতিশোধ ও নির্বাচনি দৃঢ় অবস্থান সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার দুধঘাটা সরকার বাজারে মজিদপুর ইউনিয়ন বিএনপির ১ ও ২ নম্বর ওয়ার্ডের কার্যালয়ের সামনে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠেয় দোয়া ও মিলাদ মাহফিলের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
তিন মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিও পরে ভাইরাল হয়।
সভায় মাজেদুল ইসলাম মিন্টু বলেন, ‘আগে চোরে বলে চেয়ারে বইয়া যে মজিদপুর ইউনিয়নে যে সভাপতি হইছে, ১০০ ভোট দেওয়ার ক্ষমতা নাই, যে বেডায় সভাপতি হইতে পারে, হেই বেডায় ২৮-২৯ হাজার ভোট কাটার শক্তিও রাখে। যে বেডায় চেয়ারে বইতারে, তার যোগ্যতাই চেয়ার আসে। আমি চাই, এ ধানের শীষ অধ্যাপক সেমিল ভূঁইয়ার না, এই ধানের শীষ হলো খালেদা জিয়ার এবং তারেক জিয়ার। এই ধানের শীষ আমরা মজিদপুর ইউনিয়নে ১০০’র মধ্যে ১০০ পাশ করমু, আপনারা নিশ্চিত থকেন ইনশাআল্লাহ।’
ভিডিওতে মিন্টুকে বলতে দেখা যায়, ‘ইন্দুর যদি এখন বাইরয় মাঠে দেখবেন ২০-২২ তারিখের পর থেকে দেখবেন ইন্দুর কই যায়। আপনার নিশ্চিত থাকেন এই ইন্দুর মাঠে নামতে পারবে না, মাঠে নামতে পারলেতো আওয়ামী লীগই নামতে পারে। আরে আমরা স্বতন্ত্র কিয়ের মাঠে নামলে মানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি এখনো নামতারে, তইলে আমরা বাইত ঘুমাই কেনতে। তারা বাইত ঘুমানের টাইমও নাই, নামার টাইমও নাই, আমি ক্লিয়ার বলতে চাই- এখনো সাবধান আমরা ধানের শীষ লইয়া মাঠে আছি, যদি আমগো লগে প্রমাণ করতে হয় ২২ তারিখের পরে আমার মজিদপুর ইউনিয়নে জবাব দেওয়ার শক্তি রাখি।’
‘আপনারা নিশ্চিত থাকবেন আমরা এই তিতাসে মজিদপুর ইউনিয়নে এক নাম্বার ইউনিয়ন, এই কঠিন যুদ্ধের বেলা আমরা দেউর খাইছি এই দেউর প্রতিশোধ বাকি রইছে, যদি তারা মনে করে এই প্রতিশোধ নেওয়ার লাইগ্গা প্রস্তুত হয়, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য রেডি আছি। আমরা ধানের শীষ মার্কা নিয়া নামছি, ধানের শীষ ক্লিয়ার ভাবে দেখাতে চাই, ধানের শীষই থাকবে কেন্দ্রের মধ্যে নিশ্চিত থাকেন। আপনারা সবাই হজাগ থাইকেন আমরা ইন্দুর রাখতাম না ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমরা যে ধানের শীষ লইয়া বাইরছি, আমরা ধানে শীষ আনমো ইনশাআল্লাহ দোয়া করবেন। আমরা কোন স্বতন্ত্র না, আওয়ামী লীগ না, বাটপারি না। আমি মজিদপুর ইউনিয়নের সভাপতি হিসেবে ইনটেক ক্লিয়ারভাবে বলতে চাই, যেতো রংয়ের যেতো মুস্তানই আসে সামনে আইলে সব শেষ।’
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার বেপারী, মো. আশরাফুল আলম, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হেলাল ভূঁইয়া, মজিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম সরকার বিজয় ও সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল প্রমুখ।
কেকে/এমএ