মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং এসময় বেশ কয়েকজন আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারী) দুর্ঘটনার পর আহত ও নিহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৭ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি, তিনি সার্বিক পরিবহনের সুপারভাইজার ছিলেন, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান ও সদর উপজেলার দক্ষিণ পারা কুনিয়া ইউনিয়নের জসিম বেপারীর ছেলে সাগর।
বাকি ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানায়, ‘মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় আসলে সামনে থাকা একটি ইজিবাইককে চাপ দেয়। ঘটনাস্থলে ইজিবাইকের ৪ যাত্রীসহ ৭ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। এখনও উদ্ধার কাজ চলছে। বাস রাস্তার পাশে খাদের কাদা-পানির মধ্যে আছে। এ পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ‘দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।’
কেকে/বি