জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দীর্ঘ প্রায় ৪ বছরের আইনি লড়াই শেষে অবশেষে শপথ গ্রহণ করেছেন আব্দুস সবুর পিন্টু।
আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে তিলকপুর ইউনিয়ন পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ওই ওয়ার্ডের ভোট গণনায় অনিয়মের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে তালা প্রতীকে আব্দুস সবুর পিন্টু এবং ফুটবল প্রতীকে মারুফ হাসান রনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মারুফ হাসান রনিকে মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন। ফলাফল নিয়ে আপত্তি জানালে ৫ দফা পুনর্গণনার পরও আব্দুস সবুর পিন্টুকে এক ভোটে পরাজিত দেখানো হয়।
পরবর্তীতে মারুফ হাসান রনি শপথ গ্রহণ করে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
তবে নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে আব্দুস সবুর পিন্টু ২০২১ সালের ১৫ ডিসেম্বর জয়পুরহাট জেলা জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে গত বছরের ১৫ অক্টোবর জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল (ইউনিয়ন পরিষদ) আদালতের বিচারক ইফতেখার শাহরিয়ার ভোট পুনর্গণনার আদেশ দেন। আদালতের উপস্থিতিতে পুনর্গণনায় তালা প্রতীকে আব্দুস সবুর পিন্টু ১ হাজার ১১৪ ভোট এবং ফুটবল প্রতীকে মারুফ হাসান রনি ১ হাজার ১১১ ভোট পান। এতে তিন ভোটের ব্যবধানে আব্দুস সবুর পিন্টুকে বিজয়ী ঘোষণা করা হয়।
আদালতের রায়ের পর নির্বাচন কমিশন আব্দুস সবুর পিন্টুকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে শপথ করানো হয়।
শপথ গ্রহণ শেষে আব্দুস সবুর পিন্টু বলেন, ‘২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে আমাকে এক ভোটে পরাজিত দেখানো হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’
আদালতের রায় কার্যকর হওয়ায় এখন তিনি এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী তিলকপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে আব্দুস সবুর পিন্টুকে শপথ করানো হয়েছে। শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।’
কেকে/বি