ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলার সংসদীয় ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক পাওয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় প্রথমে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক বাছাইয়ে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আপিলে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩২ জনে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন মোট ২৯ জন।
প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন—রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-২ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. ওয়াহেদুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম।
আসনভিত্তিক প্রার্থীদের তালিকা অনুযায়ী, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন বিএনপির শরীফ উদ্দিন, জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান, গণঅধিকার পরিষদের মো. শাহজাহান এবং আমার বাংলাদেশ পার্টির আবদুর রহমান।
রাজশাহী-২ (সদর) আসনে লড়ছেন ছয়জন প্রার্থী। তারা হলেন বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির সাঈদ নোমান, নাগরিক ঐক্যের সামছুল আলম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পাঁচজন প্রার্থী মাঠে রয়েছেন। বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান এবং আমজনতা দলের সাঈদ পারভেজ।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন।বিএনপির ডিএমডি জিয়াউর রহমান, জামায়াতের আবদুল বারী সরদার, জাতীয় পার্টির ফজলুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতের মনজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক ও রেজাউল করিম।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে লড়ছেন চারজন প্রার্থী। বিএনপির আবু সাইদ চাঁদ, জামায়াতের নাজমুল হক, জাতীয় পার্টির ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম সুরুজ।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি রাজশাহীর ছয়টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ সম্পন্ন হবে।