আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসন মাদারীপুর-১ (শিবচর-২১৮), মাদারীপুর-২ (সদর-রাজর-২১৯) ও মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-২২০)-এর সংসদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসন সর্বদা কাজ করবে। ভোট দিতে গিয়ে কোনো ভোটার হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি সকল প্রার্থীকে কঠোরভাবে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
মাদারীপুর-১ (শিবচর-২১৮) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন- বিএনপি মনোনীত নাদিরা আক্তার (ধানের শীষ), খেলাফত মজলিসের সাঈদ উদ্দিন আহমাদ হানজালা (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আকরাম হোসাইন (হাতপাখা), গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা (ট্রাক), বাংলাদেশ লেবার পার্টির হাফিজুর রহমান (আনারস), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুল আলী (কাস্তে) ও জাতীয় পার্টির মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু (লাঙল)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতিকে কামাল জামান মোল্লা, ফুটবল প্রতিকে সাজ্জাদ হোসেন সিদ্দিকী এবং হরিণ প্রতিকে ইমরান হাসান লড়বেন।
মাদারীপুর-২ (সদর-রাজর-২১৯) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন- বিএনপি মনোনীত জাহান্দার আলী মিয়া (ধানের শীষ), খেলাফত মজলিসের আব্দুস সোবাহান (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আহমাদ চৌধুরী (হাতপাখা), জাতীয় পার্টির মহিদুল ইসলাম (লাঙ্গল), কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার (হাতঘড়ি) এবং মার্কসবাদী (বাসদ) দিদার হোসেন (কাস্তে)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতিকে মিল্টন বৈদ্য, হরিণ প্রতিকে কামরুল ইসলাম সাঈদ, মোটরসাইকেল প্রতিকে সহিদুল ইসলাম খান এবং ঘোড়া প্রতিকে রেয়াজুল ইসলাম লড়বেন।
মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-২২০) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন- বিএনপি মনোনীত আনিছুর রহমান তালুকদার (ধানের শীষ), জামায়াতে ইসলামের মো. রফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আজিজুল হক (হাতপাখা), বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল (বাসদ) আমিনুর ইসলাম (মই) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নিতাই চন্দ্রবর্তী (একতারা)।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে মাদারীপুরে নির্বাচনি প্রচারণা বুধবার (২২ জানুয়ারি) থেকে পূর্ণমাত্রায় শুরু হবে। সকল প্রার্থী ও সমর্থক মাঠে নামার সঙ্গে সঙ্গে ভোটের হাওয়া জমে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংসদীয় আসন প্রত্যাশী সকল প্রার্থী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিরাপদ ও নিরপেক্ষ ভোটাধিকার নিশ্চিত করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করেন।
উল্লেখ্য, ২০ জানুয়ারি মাদারীপুর-১ (শিবচর) আসনে ১০ দলীয় ঐক্যের সিদ্ধান্তে দাঁড়িপাল্লা প্রতিকে জামায়াতের সরোয়ার হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করেন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাদারীপুর-২ আসনের কল্যাণ পার্টির সমর্থক মাহবুবুর রহমান সরদার ও বিএনপির সমর্থক শিপন মোল্লাকে পৃথকভাবে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
কেকে/এলএ