ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রথম নির্বাচনি প্রচারণা শুরু করেছেন হাসান মামুন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় সাবেক শিক্ষামন্ত্রী মরহুম আবদুল বাতেন তালুকদারের কবর জিয়ারতের মাধ্যমে তিনি তার নির্বাচনি প্রচারণা শুরু করেন।
কবর জিয়ারত শেষে হাসান মামুন বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
পরে তার নির্বাচনি পরিচালনা অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনে প্রার্থী পছন্দ বা অপছন্দ করা নাগরিকের গণতান্ত্রিক অধিকার। এই সংকটময় মুহূর্তে কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, আবার অন্য জায়গা থেকে আসবে—এই ভাঙা–গড়ার মধ্য দিয়েই আমাদের নির্বাচন চলবে। আগামী ১২ ফেব্রুয়ারি এই ভাঙা–গড়ার মধ্য দিয়েই আমাদের বিজয় হবে।”
তিনি আরও বলেন, “দশমিনা–গলাচিপা উপজেলায় দীর্ঘ ১৭ বছর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা নির্যাতনের শিকার হয়েছেন। সেই সময় আমি সর্বোচ্চ সহযোগিতা নিয়ে তাদের পাশে ছিলাম। দীর্ঘ ৩৭ বছর দশমিনা–গলাচিপা আসনে বিএনপির কোনো এমপি ছিল না। আমার ৩৭ বছরের রাজনৈতিক জীবনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলাম।”
হাসান মামুন বলেন, “আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন মারা যান, সেদিন আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। আমি যদি দশমিনা–গলাচিপা উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের জন্য কিছু করে থাকি, তাহলে তারা আমাকে ভোট দেবেন। আর যদি আমি কারও ক্ষতি করে থাকি, তাহলে আমাকে ভোট দেবেন না।”
তিনি বলেন, “দশমিনা–গলাচিপা উপজেলা আওয়ামী লীগের একটি দুর্গ। তবে সবাই খারাপ করেছে—এমন নয়, ভালো মানুষও আছেন। আমি তাদের ভোট পাব—এই বিশ্বাস আমার আছে। আমাকে কেন ভোট দেবেন না, আমার দোষ কোথায়—তা বলে যাবেন, আমি তাদের স্যালুট জানাব।”
নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের মনোনীত প্রার্থী। অনেকে বলছে—‘হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা বাকি’। এসব ফাঁকা কথায় কান দেবেন না। এসব বলে তারা, যাদের মাঠে ভোট নেই। এদের থেকে আপনারা সাবধান থাকবেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আমি নির্বাচনি প্রচার–প্রচারণা চালাব। কেউই আমাদের প্রতিপক্ষ নয়। জনগণই সকল ক্ষমতার উৎস। আমার জনগণের ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। কোনো অপশক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।”
কেকে/এলএ