নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, “বিএনপিই একমাত্র বাংলাদেশের জনগণের শক্তি। আগামী দিনে জাতির সেবক হিসেবে কাজ করবে বিএনপি।”
তিনি উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে এবং আমাকে জয়যুক্ত করবেন, যাতে আগামী দিনগুলোতে আপনাদের খেদমত করতে পারি।”
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জগজীবনপুর প্রাইমারি স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, “বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। বিএনপি শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীন ও মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “বিএনপিতে কোনো ধরনের সন্ত্রাসী বা চাঁদাবাজের জায়গা হবে না। কেউ যদি দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে দেশের কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে না হয়। সে লক্ষ্যে বিএনপি একটি অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করেছে।”
তিনি জানান, “নারীর ক্ষমতায়ন ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের দেওয়া হবে কৃষি কার্ড এবং স্বাস্থ্য কার্ডের মাধ্যমে জনগণ সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, জহিরুল ইসলাম চৌধুরী, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা এহসান মোল্লা এবং জগজীবনপুর গজারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. মাজেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেকে/এলএ