মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
থেমে নেই খুন-খারাবি
প্রণব আচার্য্য
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:১৪ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

দেশে বইছে নির্বাচনি হাওয়া। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নির্বাচনি প্রচারণা। ভোট চাইতে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দলীয় প্রধানরাও চষে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে থেমে নেই খুন-খারাবি। চলছে রাজনৈতিক হত্যাও। যা শঙ্কায় ফেলছে প্রার্থীদের। শঙ্কিত সাধারণ মানুষও। যদিও সারা দেশে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে। এতে অনেক চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে। তারপরও হতাকাণ্ডের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। 

গত বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন হাসান মোল্লা নামের স্থানীয় এক বিএনপি নেতা। এ ছাড়া গতকাল চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গত বুধবার রাতে একই এলাকায় খোরশেদ আলম নামের এক অটোরিকশাচালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। একই দিন রাতে নাটোরের সিংড়ায় শিক্ষক রেজাউল নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও গালা কেটে হত্যা করা হয়। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঠেকাতে ফ্যাসিস্টসহ বিভিন্ন মহল অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়াতে হবে। প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা নিতে হবে। কোনোভাবেই যেন নির্বাচন ঠেকানোর সুযোগ না পায় অশুভ শক্তি। 

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে। কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে। 

শুক্রবার দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে।

বিএনপির মহাসচিব বলেন, হাসান মোল্লার হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়ার বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে। তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিএনপি নেতাকে গুলি : গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জে বিএনপির কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসান মোল্লা উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাসান মোল্লা দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

চট্টগ্রামে দুই জায়গা থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ। 

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের সঙ্গে নিয়ে থানা পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর অক্সিজেন মোড় শহীদ লাইন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে প্রথমে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করে। পরবর্তীতে থানার আওতাভুক্ত আরেকটি স্থান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় বিচ্ছিন্ন দুই পা উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, বিচ্ছিন্ন হাত-পা একই ব্যক্তির। আকৃতি দেখে ধারণা করা হচ্ছে তিনি যুব বয়সী এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। কারণ ওই যুবকের হাত ও পায়ের রগ কাটা ছিল।

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা : গত বুধবার রাত ১১টায় নাটোরের সিংড়ায় বিএনপি নেতা কলেজশিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম কুমারপাড়া মহল্লার ছাবেদ আলীর ছেলে ও উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিম সমর্থকরা প্রতিবেশী ওহাব আলী নামে একজনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে ওহাব আলীর বৃদ্ধা মা ছাবিহা বেগম মারা যান।
 
এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৭৮: ঢাকাসহ সারা দেশে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৭৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল অস্ত্র, গুলি, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনের ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করে। এসব যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং সদস্য, চোরাকারবারিসহ ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২টি গুলি, সাতটি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। যে কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্যও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   খুন-খারাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close