ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ (২২) এবং ট্রাকের হেলপার রাশেদ (৩০)। প্রাথমিকভাবে হেলপার রাশেদের বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটভাটার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক নবীন শেখ মারা যান।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এলএ