আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া–পেকুয়া আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে চকরিয়ায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএস সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া–পেকুয়া নির্বাচনী কমিটির পরিচালক আক্তার আহমেদ, কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌর আমীর আরিফুল কবির, মাতামুহুরি আমীর ফরিদুল আলম, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন এবং চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, সাম্য, মানবিকতা ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ‘জুলাই জাতীয় সনদ’কে সাংবিধানিক রূপ দিতে গণভোটে সমর্থন জানানোর আহ্বান জানান।
প্রধান বক্তা নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জনগণ জেগে উঠেছে। তিনি অতীত রাজনৈতিক ঘটনাবলীর প্রসঙ্গ তুলে ধরে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেন।
সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে শুরু হয়ে মহাসড়কের জিদ্দাবাজারে গিয়ে শেষ হয়। বক্তারা নির্বাচনে অংশগ্রহণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সংগঠনের কর্মসূচি জোরদারের আহ্বান জানান।
কেকে/এমএফ