দীর্ঘ প্রায় দুই দশক পর রাজনৈতিক সফরে ফেনী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
জনসভায় ফেনী জেলার তিনটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তারা হলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩), চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি (ফেনী-২) এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু (ফেনী-১)। এছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ১২টি আসনের বিএনপি প্রার্থীরা জনসভায় অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ফেনী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে ৬০ ফুট ও ৪০ ফুট দৈর্ঘ্যের দুটি মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। মঞ্চে তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের জন্য ৪০টি চেয়ার সংরক্ষণ করা হয়েছে।
তিন জেলার নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে ফেনী শহরের বিভিন্ন স্থানে ১০টি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি শহরজুড়ে বসানো হয়েছে প্রায় ১৫০টি মাইক। সভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঈদের আনন্দের মতো পরিবেশ তৈরি হয়েছে।”
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, “তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই জনসভা হবে ফেনীর রাজনৈতিক ইতিহাসে স্মরণীয়।”
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে টিম গঠন করা হয়েছে। জনসভাটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।”
কেকে/এমএফ