মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
জাতীয়
ভোট নিয়ে বাড়ছে অবিশ্বাস
প্রনব আচার্য্য
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:২০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ভোটের হাওয়া এখন তুঙ্গে। দলগুলো ব্যস্ত নির্বাচনি প্রচারে। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নিজেদের নির্বাচনি এলাকা। প্রতিশ্রুতির ফুলঝুড়িতে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জোর প্রস্তুতি চলছে। এর মধ্যেও নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন অনেকে। জনমনেও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নটি জোরাল। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোট নিয়ে দীর্ঘ ১৭ বছরের অবিশ্বার রয়েছে মানুষের মধ্যে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে নির্বাচনকে তামাশায় পরিণত করা হয়েছিল। এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে আশাবাদী বক্তব্য দিলেও, তাদের কর্মকাণ্ডে শিথিলতা রয়েছে। রয়েছে নানা ঘাটতি। যা রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা অবিশ্বাসের জন্ম দিয়েছে। 

বিশ্লেষকরা আরও বলছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি সফল নয়। সন্ত্রাসীদের হাতে প্রচুর অবৈধ অস্ত্র রয়েছে। সব মিলিয়ে বেশিরভাগ দলই ভোট ডাকাতির আশঙ্কা করছে। এর কারণ সরকারের নমনীয়তা। সরকার বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শুরু থেকে কঠোর হতে পারেনি। 

নির্বাচনে অনেক প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) ‘নমনীয়তা’ নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর আচরণে অসহিষ্ণুতা ও সহিংসপ্রবণতা উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে, তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।

বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রতি দেশের সাতটি বিভাগ ও বিভিন্ন জেলায় নাগরিক সমাজ, গণমাধ্যম ও সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেছেন। সেই মতবিনিময়ের পর তিনি এমন পর্যবেক্ষণ দিয়েছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন যদি এখনই আইন কঠোরভাবে প্রয়োগ না করে এবং অসহিষ্ণুতা ও সহিংসতা নিয়ন্ত্রণে না আনে, তাহলে এবারের নির্বাচনও বিতর্কিত হতে বাধ্য। এ ক্ষেত্রে রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন কমিশন ও সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। গণতান্ত্রিক সহাবস্থানের সংস্কৃতি প্রতিষ্ঠা না হলে জনগণের প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচারের ঝুঁকির বিষয়েও উদ্বেগ জানান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনের দিন কোনো প্রার্থী মারা গেছেন বা প্রার্থিতা প্রত্যাহার করেছেনÑ এআই ব্যবহার করে এমন অপতথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হতে পারে। এতে নির্বাচন প্রভাবিত হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। এ ছাড়া পোস্টাল ব্যালট নিয়েও বিতর্কের সুযোগ আছে, যা পুরো নির্বাচনি ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
 
ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, এ দেশের মানুষের ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তির জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে ছিল সেই মানুষগুলোর প্রতি সম্মান জানাতে হলে আমাদের সজাগ থাকতে হবে। গণতন্ত্র রক্ষার জন্য সজাগ থাকতে হবে। ভোট যাতে সবাই দিতে পারে। 

কিন্তু এরই ভেতরে ষড়যন্ত্র শুরু হয়েছে। টের পাচ্ছেন কিছু আপনারা? গত কয়েক দিন ধরে দেখবেন পত্রিকায় সংবাদ বের হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় খবর আসছে। বিএনপি আমরা বহু বছর ধরে বলে আসছি প্রবাসে যারা আমাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আছে, যারা বাংলাদেশি আছে তাদের ভোটের ব্যবস্থা করার জন্য। 

বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ব্যবস্থা করেছে। কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি যে, একটি রাজনৈতিক দল সবগুলো পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে। সজাগ থাকতে হবে। তারা ভোট কেনার চেষ্টা করছে। এখন আবার ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার, আপনার পরিচিত মানুষগুলোর ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। জনগণকে সজাগ থাকতে হবে। সতর্কও থাকতে হবে। 

ভোট ডাকাতি রুখে দিতে হবে : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বড় উচ্চমূল্যে কেনা আমাদের আজকের এই পরিবেশ। মেহেরবানি করে শহীদদের প্রতি আমরা সবাই যেন সম্মান দেখাই। আগামী নির্বাচনে কেউ সন্ত্রাস করবেন না। নির্বাচন প্রক্রিয়ায় কেউ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না। কেউ ভোট ডাকাতি করতে চাইলে রুখে দিতে হবে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কারও পক্ষই নেবেন না। 

কেকে/এমএফ






মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close