ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার তৃতীয় দিনে প্রাণবন্ত হয়ে উঠেছে মৌলভীবাজার জেলার চারটি নির্বাচনী আসন।
শনিবার (২৪ জানুয়ারি) জেলার সব সংসদীয় আসনে প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময়, পথসভা ও সমাবেশে গ্রাম থেকে শহরের অলিগলি ছিল উৎসবমুখর। সব মিলিয়ে মুক্ত পরিবেশে জেলাজুড়ে নির্বাচনী প্রচারণায় যেন মাঠে নতুন হাওয়া লেগেছে। সেই হাওয়ায় দুলছেন জেলার চারটি আসনের সাধারণ মানুষ।
মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর): এ আসনে নির্বাচনী প্রচারণায় মিছিল, গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেওয়াল ঘড়ি প্রতীকের মাওলানা আহমদ বিলাল। দুপুরে মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে দেওয়াল ঘড়ি প্রতীকের গণসংযোগ শুরু হয়ে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক, কুসুমবাগ, সিলেট সড়ক ও শ্রীমঙ্গল সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফা সড়কে অবস্থিত খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এরপর বিভিন্ন এলাকায় দেওয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময়, পথসভা ও সমাবেশে অংশ নেন তিনি। গণসংযোগ চলাকালে সড়কের দুই পাশে ব্যবসাপ্রতিষ্ঠান, রিকশাচালক, ভ্যানচালক, গাড়িচালক ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল বিতরণ করা হয়। এ সময় আহমদ বিলাল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেওয়াল ঘড়ি প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়ে মাওলানা আহমদ বিলাল বলেন, তিনি নির্বাচিত হলে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীর সংস্কার এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেবেন। পাশাপাশি মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ সিলেট সড়ক চার লেনে রূপান্তর, সদর–রাজনগরের গ্রামীণ রাস্তাঘাট পাকা করা, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতের উন্নয়নসহ জেলার সার্বিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। গণসংযোগ ও উঠান বৈঠকে খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস এবং জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
একই আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সব সুবিধা এক জায়গায় নিয়ে আসা হবে। বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ পরিকল্পনার কথা জানান।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ): এ আসনে গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদী। সকালে শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে, দুপুরে কমলগঞ্জের বিভিন্ন এলাকায় এবং বিকেলে শ্রীমঙ্গলের মোহাজিরাদ এলাকায় নির্বাচনী গণসংযোগ, মতবিনিময় ও সমাবেশে অংশ নেন তিনি।
একই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মহসিন মিয়া মধু এবং এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী প্রীতম দাশও গণসংযোগ, মতবিনিময় ও পথসভায় অংশ নেন।
এছাড়া মৌলভীবাজার-১ ও মৌলভীবাজার-২ আসনের বিএনপি, জামায়াত এবং স্বতন্ত্র প্রার্থীরাও গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশ নেন।
কেকে/এলএ