বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। দল করেন- যাই করেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যেখানেই দুর্নীতি হবে সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডের মডেল মসজিদ কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ প্রাঙ্গণে বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করাসহ খাল কাটা, বেকার যুবকদের প্রশিক্ষণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দরিদ্র জনগোষ্টির স্বাস্থ্য সেবায় হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরা।’
তিনি বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল- নারীদের ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছে। বহু কৃষকের ঋণ মওকুফ করেছে। বিএনপি দেশের এবং মানুষের উন্নয়নে বিশ্বাসী। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। কীভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করব।’
তিনি আরও বলেন, ‘আমরা অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। আমরা মানুষের উন্নয়নের কথা বলতে চাই। কিভাবে উন্নয়ন করতে হয় সেই পরিকল্পনা মানুষের সামনে তুলে ধরছি।’
পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষ যে আশা নিয়ে ৫ আগষ্ট দেশের একটি পরিবর্তন করেছিল সেই লক্ষ্যে দেশকে স্বনির্ভর ও দেশের মানুষকে ভালো রাখতে বিএনপিকে ভোট দিতে হবে। আগামি ১২ ফেব্রুযারি কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করতে হবে।’
কাজ সম্পর্কে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এমন কাজ করবে দেশের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে।নির্বাচনী শ্লোগান স্মরণ করিয়ে দিয়ে সমাবেশে তারেক রহমান বলেন, ‘করবো কাজ গরবো দেশ, সবার আগে বাংলাদেশ’।’
সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা-৩ আসনের প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের প্রার্থী কামরুজ্জামান রতন, দাউদকান্দি উপজেলা বিএনপি সাবেক সভাপতি একেএম শামসুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান সরকার, পৌর বিএনপি আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপি আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপি সদস্য সচিব কাউসার আলম সরকার, উপজেলা বিএনপি সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন খন্দকার সুমন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন কাউন্সিলর, কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন ভূঁইয়া, কুমিল্লা উত্তর যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কেকে/বি