মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লাউ চাষে দৃষ্টান্ত স্থাপন করলেন খানসামার কৃষক
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুর জেলার খানসামা উপজেলার বাশুলী গ্রামের কৃষক আমিনুল ইসলাম সুপার গ্রীন জাতের লাউ চাষ করে এলাকায় সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আধুনিক ও জৈব পদ্ধতিতে চাষ করা এই লাউ ইতোমধ্যে বাজারে ভালো সাড়া ফেলেছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় তাঁর এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। 
 
 উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খানসামা, দিনাজপুরের মাধ্যমে জৈব ও আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ প্রকল্পের অংশ হিসেবে বাশুলী গ্রামে ২০ শতক জমিতে জৈব সবজি উৎপাদন প্রদর্শনী স্থাপন করা হয়। প্রদর্শনী কার্যক্রমের আওতায় সুপার গ্রিন জাতের লাউ চাষ করে কৃষক আমিনুল ইসলাম উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। 
 
 কৃষক আমিনুল ইসলাম জানান, চলতি মৌসুমে তিনি মোট ১০০ শতক জমিতে সুপার গ্রিন জাতের লাউ চাষ করেছেন। এর মধ্যে ২০ শতক জমিতে জৈব পদ্ধতিতে প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। লাউ চাষে তাঁর মোট ব্যয় হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বীজ, মাচা তৈরি, জৈব সার, শ্রমিক ও পরিচর্যা খরচ মিলিয়েই এই ব্যয় হয়েছে বলে জানান তিনি। 
 
তিনি আরও জানান, ইতোমধ্যে ক্ষেত থেকে লাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা আয় করেছেন। জমিতে এখনো পর্যাপ্ত পরিমাণ লাউ রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাকি ফলন বিক্রি করে আরও আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা আয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 
 
আমিনুল ইসলাম বলেন, “কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী জৈব সার ও পরিবেশবান্ধব বালাই দমন পদ্ধতি ব্যবহার করেছি। সুপার গ্রিন জাতের লাউ দেখতে আকর্ষণীয়, আকারে বড় এবং ওজন বেশি হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে।” 
স্থানীয় বাজারে গিয়ে দেখা যায়, সাধারণ লাউয়ের তুলনায় সুপার গ্রিন জাতের লাউ ক্রেতাদের বেশি আকৃষ্ট করছে। পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ক্ষেত থেকেই লাউ কিনে নিচ্ছেন। এতে পরিবহন খরচ কমছে এবং কৃষকরাও ন্যায্য মূল্য পাচ্ছেন। 
 
 স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমিনুল ইসলামের এই সাফল্য দেখে অনেক কৃষক আগামী মৌসুমে সুপার গ্রিন জাতের লাউ ও অন্যান্য সবজি চাষে আগ্রহী হচ্ছেন। একজন কৃষক বলেন, “এত অল্প খরচে যদি এত লাভ হয়, তাহলে লাউ চাষ অবশ্যই লাভজনক। আমরা কৃষি অফিসের পরামর্শ নিয়ে এই জাতের লাউ চাষ করব।” 
কৃষি বিশেষজ্ঞদের মতে, দিনাজপুর অঞ্চলের মাটি ও আবহাওয়া লাউসহ বিভিন্ন সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। পরিকল্পিত চাষাবাদ, জৈব পদ্ধতির ব্যবহার এবং সরকারি সহায়তা পেলে কৃষকরা অল্প জমিতেও স্বাবলম্বী হতে পারেন। 
 
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন আক্তার জানান, “সুপার গ্রিন জাতের লাউ একটি উচ্চ ফলনশীল জাত। রোগবালাই তুলনামূলক কম হওয়ায় এই জাতের লাউ চাষে ঝুঁকি কম থাকে। সঠিক সময়ে চাষ ও নিয়মিত পরিচর্যা করলে অল্প জমিতেও কৃষকরা ভালো লাভ করতে পারেন।” 
 
তিনি আরও বলেন, “টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের জৈব ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। জৈব সবজি উৎপাদন প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা হাতে-কলমে শিখছেন কীভাবে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন করা যায়।” 
 
সংশ্লিষ্টদের ধারণা, কৃষক আমিনুল ইসলামের মতো সফল উদ্যোগ এবং জৈব কৃষি সম্প্রসারণ কার্যক্রম কৃষিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে ভোক্তারাও উপকৃত হবেন। 

কেকে/এমএফ
 



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close