নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিনের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা জোরদার করার অংশ হিসেবে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই উঠান বৈঠক ও গণসংযোগের অনুষ্ঠিত হয় ইটাখোলা ইউনিয়নের আহম্মাদীয়া হাফিয়া মাদরাসা, ইটাখোলা পাটোয়ারী পাড়া, ইটাখোলা চৌধুরীপাড়া হাফিজিয়া মাদরাসা, দরবেশ পাড়া হ্যান্ডি ক্রাফট, ইটাখোলা চিনির কুঠি বাজার, ইটাখোলা গাবের তল বাজার, ইটাখোলা পাচ মাথা বাজার, ইটাখোলা বাদিয়ার মোড় এবং দারওয়ানী টেক্সটাইল মোড়ে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী উন্নয়ন মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন, “নীলফামারী-২ আসনের সার্বিক উন্নয়নের জন্য যোগ্য নেতৃত্ব অপরিহার্য। ধানের শীষ প্রতীকের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। জনগণের কল্যাণ ও ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠা আমাদের মূল উদ্দেশ্য।”
উঠান বৈঠকে নীলফামারী সদর উপজেলা কৃষক দলের সভাপতি লুলু চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইটাখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওসার আহমেদ এবং স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নীলফামারী-২ আসনের মানুষের মৌলিক চাহিদা পূরণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। তারা সবাইকে একযোগে প্রকৌশলী তুহিনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, নীলফামারী উন্নয়ন মঞ্চের এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষ সরাসরি অংশগ্রহণ করছেন এবং তাদের সমস্যা ও চাহিদা তুলে ধরছেন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে উঠান বৈঠকগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে।
কেকে/ এমএস