বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা-আখাউড়া) বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সচিব ও সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান বলেছেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণই হবেন তার কর্মকাণ্ডের পাহারাদার। কোনো ধরনের দুর্নীতিতে জড়ালে জনগণই যেন তার জবাবদিহি নিশ্চিত করেন—এমন আহ্বান জানান তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের সুপার মার্কেট চত্বরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, “অতীতেও তিনি দুর্নীতিমুক্ত ছিলেন এবং ভবিষ্যতেও একই নীতিতে অটল থাকবেন।”
বিএনপির রাজনীতিতে মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, “যারা এসব অপকর্মে যুক্ত, তারা বিএনপির কাছে আসবেন না।”
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “মাদক, স্বৈরাচার ও দুর্নীতিই এখন দেশের প্রধান শত্রু। এই অপশক্তির বিরুদ্ধে সংগ্রামে যুবসমাজই হবে অগ্রণী শক্তি।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “যুবকরাই আগামীর বাংলাদেশ গড়বে এবং আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপিকে বিজয়ের পথে এগিয়ে নেবে।”
চলমান অর্থনৈতিক ও সামাজিক সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, “সারা দেশে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে। কৃষকরা ন্যায্যমূল্যে সার ও কৃষি উপকরণ পাচ্ছেন না, অবকাঠামো উন্নয়ন, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছে। এমনকি ধর্মীয় দায়িত্ব পালনকারী ইমামরাও ন্যায্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানই বিএনপির রাজনৈতিক অঙ্গীকার।”
নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে সাড়ে চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। কসবা-আখাউড়াতেও বিপুলসংখ্যক নতুন ভোটার রয়েছেন। শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়—ভোট দিয়ে তা রক্ষা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে নির্দেশ দেন।’
সমাবেশে কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিয়াউল হুদা সিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভিপি তাজুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি ও কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম এবং কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেকে/এলএ