মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কটিয়াদীতে বিরোধের জেরে হত্যাকাণ্ড, রাজনৈতিক অপপ্রচারের অভিযোগ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচা মাহমুদুর রহমান কামাল নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

গতকাল (২৯ জানুয়ারি) রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়। একই ঘটনায় তার ছেলে কাকন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, নিহত মাহমুদুর রহমান কামাল কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন। আটককৃতরা হলেন— একই এলাকার মৃত খুর্শিদ মেম্বারের ছেলে জালাল উদ্দীন এবং তার স্ত্রী শামসুননাহার।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কামালের সঙ্গে তার বড় ভাই জালাল উদ্দীনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। জালাল উদ্দীন ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। বৃহস্পতিবার সকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জালাল উদ্দীনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক দেশীয় অস্ত্র টেঁটা দিয়ে তার চাচা মাহমুদুর রহমান কামালের মাথায় এবং তার ছেলে কাকনের হাতে আঘাত করে। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মাহমুদুর রহমান কামাল মারা যান।

এদিকে, ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক হামলা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাওন হাসান নামে এক ব্যক্তি একটি পোস্টে লিখেছেন, “কিশোরগঞ্জ-২ আসনের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার মো. কামাল উদ্দিনকে জামায়াতের সন্ত্রাসীরা আজ সন্ধ্যায় আক্রমণ করে, কিছুক্ষণ আগে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হত্যাকারী মোহাম্মদ সাদ্দাম হোসেন, আচমিনা ইউনিয়ন জামায়াতের সদস্য।”

এছাড়া, মুকাব্বির হোসেন নামে আরেকজন ফেসবুক পোস্টে লিখেছেন, “জামাত নেতার হাতে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন মেম্বার নিহত হন। এখনি সময় জামাতের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা।”

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। পরিবারের সদস্যরা তাদের পোস্টে উল্লেখ করেন, এটি দীর্ঘদিনের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাজনীতি বা বিভ্রান্তিকর অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

নিহতের ভাগ্নে শাহিদ উজ্জামান বলেন, “খুনি সন্ত্রাসীদের কোনো দল হয়না। কোনা সম্পর্ক হয়না। খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। দয়া করে অপরাজনীতি থেকে বিরত থাকুন। কামাল আমার আপন ছোট মামা, পারিবারিকভাবে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে কলহ-বিবাদ ছিলো, আজকে নিজেদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আমার মেজো মামার ছেলে অর্থাৎ উনার ভাতিজা সন্ত্রসী সাদ্দামের দেশীয় অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করেন। এখানে দলীয় অপরাজনীতি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।”

নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন কাজল বলেন, “দয়া করে কেউ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নোংরামি করবেন না। এটা আমাদের পারিবারিক দ্বন্দ, দীর্ঘদিনের এটা পুরোনো। কটিয়াদী আচমিতার মানুষ জানে। কোন একটা দলকে অযথা দায়ী করবেন না।”

এ বিষয়ে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বলেন, “এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। জমিজমা নিয়ে আপন দুই ভাইয়ের পারিবারিক বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।”

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মাহমুদুর রহমান কামাল গুরুতর আহত হন এবং পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত কামাল মেম্বারের মেয়ে ইশরাত জাহান কবরী বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত জালাল উদ্দীন ও তার স্ত্রী শামসুননাহারকে আটক করা হয়েছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কটিয়াদী   হত্যাকাণ্ড   রাজনৈতিক অপপ্রচার   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close