সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা প্রাঙ্গণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ সরকারি ছুটির দিনে দুপুর থেকেই ছিল জনস্রোত। কেনাকাটা আর উপচে পড়া ভিড়ের মধ্য দিয়েই শনিবার (৩১ জানুয়ারি) পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের।

পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে মাসব্যাপী এই বাণিজ্য উৎসব।

সমাপনী অনুষ্ঠানে স্টল ও প্যাভিলিয়নসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে। এতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের উপস্থিত থাকার কথা রয়েছে।

মেলার শেষভাগে এসে যেন প্রাণ ফিরে পায় পুরো প্রাঙ্গণ। শুক্রবার (৩০ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা। জুমার নামাজের পর বিকেল গড়াতেই নামে মানুষের ঢল। অনেক স্টলে ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা যায় বিক্রয় প্রতিনিধিদের। শেষ দিনের মূল্যছাড়ে কেনাকাটার ধুমে বিক্রেতাদের মুখেও ছিল স্বস্তির হাসি।

বাংলাদেশ স্কয়ার ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্যাভিলিয়নে ক্লান্ত দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার চিত্র ছিল মনকাড়া। শিশু-কিশোর, শিক্ষার্থী ও তরুণদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবারের মেলায় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে নির্মিত ‘বাংলাদেশ স্কয়ার’ দর্শনার্থীদের বিশেষ আগ্রহ কাড়ে। পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যক্রম ও রপ্তানি খাতের সক্ষমতা তুলে ধরতে নির্মিত ‘এক্সপোর্ট এনক্লেভ’ ছিল ভিন্নমাত্রার সংযোজন।

মেলায় ৬টি বিদেশি দেশসহ মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেয়। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ পান।

তবে মেলার আনন্দে কিছুটা ছেদ টেনেছে ঢাকা বাইপাস সড়কের দীর্ঘ যানজট। কাঞ্চন সেতুর পূর্ব পাশে টোলপ্লাজা এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে পড়েন অনেক দর্শনার্থী। নির্মাণাধীন সড়কের ধুলা-বালিতে দুর্ভোগ আরও বেড়েছে। যদিও ঢাকা শহর থেকে সরাসরি আগত দর্শনার্থীরা তুলনামূলকভাবে যানজটমুক্ত সড়কে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করেছেন।

ম্যানুয়াল টিকিটের ভোগান্তি পেছনে ফেলে এবার ই-টিকিটিং ব্যবস্থায় স্বাচ্ছন্দ্যে মেলায় প্রবেশ করেন দর্শনার্থীরা। প্রবেশ গেটে তেমন কোনো ভিড় বা ধাক্কাধাক্কি দেখা যায়নি।

মেলায় দেশি-বিদেশি ব্র্যান্ডের গৃহস্থালি সামগ্রী, প্রসাধনী, ইলেকট্রনিক্স, ফার্নিচার, জুয়েলারি, পাটজাত পণ্য, লেদার, স্পোর্টস গুডসসহ নানা পণ্যের পসরা সাজানো হয়। কোথাও কোথাও বাইরের তুলনায় বেশি দামে ট্যাগ লাগিয়ে বড় ছাড়ে বিক্রির অভিযোগ থাকলেও ক্রেতারা ছাড়ের সুযোগ কাজে লাগিয়েছেন।

শিশুদের জন্য স্থাপিত দুটি শিশু পার্কেই দিনভর ছিল ভিড়। নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি অগ্নিনিরাপত্তায় ফায়ার সার্ভিস এবং সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি ছিল চোখে পড়ার মতো।

নাদিয়া ফার্নিচারের বিক্রয় প্রতিনিধি আকাশ মাহমুদ বলেন, ‘দর্শনার্থীরা সরাসরি কিনছেন, আবার অনেকে অগ্রিম দিয়ে ফ্রি হোম ডেলিভারিতে অর্ডার দিচ্ছেন। বিক্রি ভালো হয়েছে।’

ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে আসা দর্শনার্থী সুনন্দা চক্রবর্তী বলেন, ‘পঞ্চমবারের মতো মেলায় এলাম। এ বছর পরিবেশ অনেক নান্দনিক। তবে এত ভিড়ে সব দেখা সম্ভব হয়নি।’

মেলার ইজারাদার ডিজি ইনফোটেক লিমিটেডের হেড অব অপারেশন আমিনুল ইসলাম হৃদয় জানান, শুক্রবার রাত ৭টা পর্যন্ত প্রায় ২ লাখের বেশি দর্শনার্থী টিকিট কেটে মেলায় প্রবেশ করেছেন। তার ভাষায়, এবারের বাণিজ্য মেলা সার্বিকভাবে সফল।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান বলেন, ‘শীত উপেক্ষা করেই শুরু থেকে দর্শনার্থীদের আগ্রহ ছিল। শেষ দিকে এসে মেলা আরও জমে ওঠে। এবারের আয়োজন ব্যবসায়িকভাবে সফল।’

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close