রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভোটের নিরাপত্তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রস্তুত বিজিবি
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন–শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বেনাপোল আমড়াখালি চেকপোস্টে অনুষ্ঠিত যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ে বলেন, “দক্ষিণ-পশ্চিম রিজিয়নের যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা ভেদে সর্বোচ্চ ছয়টি প্লাটুন দায়িত্ব পালন করছে। পাশাপাশি নির্বাচনি এলাকায় ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।”

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে প্রায় ৩১টি প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এসব এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। নিরাপত্তা জোরদারে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি-ওয়্যার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

নির্বাচনকে ঘিরে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে ডমিনেশন পেট্রোল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কাজ করছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ এবং যেকোনো নাশকতা রোধে চেকপোস্ট স্থাপনসহ নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি জানায়, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আর এ টি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউ আর এফ) প্রস্তুত রয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

বিজিবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানান, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নিরাপত্তা   দক্ষিণ   পশ্চিমাঞ্চল   প্রস্তুত বিজিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close