আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকার বিভিন্ন সড়ক ও মহাসড়কে নজরদারি ও তল্লাশি অব্যাহত রয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বেনাপোল আমড়াখালি চেকপোস্টে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন ও যশোর ব্যাটালিয়ন থেকে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও জানান, ১৮টি জেলায় ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩টি প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। উপজেলা ভিত্তিক সর্বোচ্চ ছয়টি প্লাটুন দায়িত্ব পালন করছে। নির্বাচনী এলাকায় ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে নির্বাচনি আচরণবিধি বাস্তবায়ন করছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতায় ৩টি জেলায় ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩১টি প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। নির্বাচনী এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনি দায়িত্ব পালন করবেন। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি দায়িত্বে থাকবে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম ও কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব অব্যাহত রাখবে।
কেকে/এলএ