সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপি নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেছেন, ‘বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ ও বালুখোরদের দেখতে চায় না। এ কারণেই আমি আমার ৪০ বছরের দল ছেড়ে আপনাদের জামায়াতের কাছে এসেছি। সেখানে বিএনপিতে এমন অবস্থা দেখেছি, আমাকে পুরো খেয়ে ফেলতে চায়। এই ‘খাওয়ান্নে’ পার্টি থেকে আমরা মুক্তি চাই।’
রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিলপূর্ব সমাবেশে বক্তব্য তিনি এসব কথা বলেন।
সভায় আখতারুজ্জামন আরও বলেন,
‘আমরা সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে চাই। সারাদেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। মানুষ পরিবর্তন চায়। মানুষ একটি সুন্দর, কল্যাণময় রাষ্ট্র চায়, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে।’
বিকালে গণমিছিলে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মীরা মিছিল নিয়ে কোর্ট মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেয়। পরে সমাবেশ শেষে নেতারা একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল বলেন, ‘আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিবো না। পচে যাওয়া রাষ্ট্রের সংস্কার করতে গণভোটে অবশ্যই হ্যাঁ এর পক্ষেঅবস্থান নিতে হবে। কিশোরগঞ্জ-২ আসনের উন্নয়ন চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’
‘মা-বোনেরা কোন জুজুর ভয় পাবেন না। কোনো ভয়-ভীতিতে আপনারা ক্ষান্ত হবেন না। আপনারা ন্যায়ের পক্ষেভোট দিন। চাঁদাবাজদের রুখে দিন। জামায়াত ক্ষমতায় এলেই মা-বোনেরা নিরাপদে থাকবেন। আমরা যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই।’
মিছিলে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে পাকুন্দিয়ায় নির্বাচনী আমেজ আরও দৃশ্যমান হয়ে ওঠে। নেতাকর্মীদের সরব অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সমাবেশ ও গণমিছিলে এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রুহানি, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুল জব্বার, সেক্রেটারি মাওলানা আনম আব্দুল্লাহ মমতাজ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ