ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শুরু হয়েছে ব্যাপক প্রচারণা। তবে, প্রচারণার নির্ধারিত নিয়ম-কানুন উপেক্ষা করে জামালপুর-৩ আসনে গাছ, দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে পেরেক মেরে ফেস্টুন লাগানোর অভিযোগে দুই প্রার্থীর প্রতিনিধিকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পদক্ষেপ নেন।
ভ্রাম্যমাণ আদালতে জামালপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রতিনিধিকে ৫ হাজার টাকা এবং সূর্যমুখী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজুর এক প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
জানা গেছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’-এর ৭ (গ) ধারা ভঙ্গ করে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ফেস্টুন লাগানোর দায়ে আচরণবিধিমালার ২৭(ক) ধারায় এ জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এমএ