ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের চাটখিল উপজেলায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নোয়াখালী-১ আসনের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে এ মহড়া অনুষ্ঠিত হয়। যৌথবাহিনীর এই মহড়া ও টহল সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তার বোধ তৈরি করেছে।
সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার থেকে যৌথবাহিনী মহড়া শুরু করে চাটখিলের পাঁচগাও ইউনিয়ন, চাটখিল পৌরসভা, পরকোট ইউনিয়ন হয়ে সাহাপুর ইউনিয়নে পৌঁছে।
সাহাপুর ইউনিয়নের অবস্থিত সাহাপুর উচ্চ বিদ্যালয়ে যৌথবাহিনী পক্ষ থেকে বাজার পরিচালনা কমিটিসহ স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরেণ। এ সময় সাহাপুর বাজারের বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়।
সাহাপুর উচ্চ বিদ্যালয়ে মহড়া শেষ করে যৌথবাহিনীর গাড়ীর বহর রামনারায়ণপুর, খিলপাড়া ও নোয়াখলা ইউনিয়ন হয়ে পাঁচগাও ইউনিয়ন এসে মহড়া শেষ করে।
মহড়ায় চাটখিল ও সুবর্ণচর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলার বিভিন্ন প্রস্তুতির তথ্য স্থানীয়দের মাঝে তুলে ধরে বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ জন্য সব আইনশৃঙ্খলা বাহিনী সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের প্রচেষ্টা অব্যহত রাখবে। এই নির্বাচন প্রক্রিয়াকে কেউ যদি ব্যাহত করার চেষ্টা করে, তাদের প্রতি আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর।’
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, ‘নির্বাচন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি চলমান আছে। নির্বাচনি আচরণ বিধি প্রতিপালনসহ আইনশৃঙ্খলা বিষয়ক যে সব ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ চলমান আছে, সেগুলো অব্যাহত থাকবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের প্রত্যাশা সকলের সহায়তায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করতে পারব।’
মহড়ায় উপস্থিত ছিলেন চাটখিল ও সুবর্ণচর সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, মেজর আসফিয়া মোবাশ্বের অর্থি, ক্যাপ্টেন পারভেজ, লেফটেন্যান্ট আনহার, মেজর ওয়াসিফ, চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ, র্যাব-১১’-এর হাবিলদার সাইফুল ইসলাম, বিজিবির নায়ক সুবেদার বিকাশ প্রমুখ।
মহড়ায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য অংশ নেন।
কেকে/এমএ