ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আবদুল হাফিজের সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছিলো। কমিটি র্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) সুপারিশ করেছে; যা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।’
‘খুব এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারি হলে এ ফোর্সটি নতুন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ শুরু করবে। একইসঙ্গে বাহিনীটির পোশাকও পরিবর্তন করা হবে। তবে শুধু নাম ও পোশাক নয়, ফোর্সটির কার্যক্রমেও সংস্কার আনা হবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে আজ বিকালে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে ‘ইলেক্টোরাল ম্যানেজমেন্ট এক্সারসাইজ’-এর ব্যবস্থা করা হয়েছে।’
উপদেষ্টা বলেন, ‘এ মহড়ার মাধ্যমে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও সক্ষমতা সম্পর্কে জনগণ জানতে পারবে।’
ব্রিফিংয়ে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার সম্পর্কে সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী হায়দার সিদ্দিকী বলেন, ‘ইলেকশন কমিশন কর্তৃক নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সশস্ত্র বাহিনী ১৯৯টি অস্ত্র ও ১ হাজার ৯৭২টি গোলাবারুদ উদ্ধার এবং ১ হাজার ৮০৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।’
তিনি জানান, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সারাদেশে সশস্ত্র বাহিনীর ১ লক্ষ ৬ হাজার ২২৩ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে।
আলী হায়দার আরো জানান, সশস্ত্র বাহিনী বিভাগ এ পর্যন্ত পুলিশ ও র্যাবের খোয়া যাওয়া অস্ত্র থেকে ৪ হাজার ৪৩২টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে; আর কারা কর্তৃপক্ষের হারিয়ে যাওয়া অস্ত্র থেকে ৬৫টি অস্ত্র উদ্ধার করেছে; লাইসেন্সকৃত অস্ত্র উদ্ধার করেছে ৩২৮টি এবং বিভিন্ন ধরনের অস্ত্র ২ হাজার ৯০৬টি মিলিয়ে সশস্ত্র বাহিনী সর্বমোট ৭ হাজার ৭৩১টি অস্ত্র উদ্ধার করেছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।