বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি) বলেছেন, ‘ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী। আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের। জামায়াতে ইসলামীর কোন লোক চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অন্যায় কাজে জড়িত নয়। বিগত ৫৪ বছর অনেক দল ক্ষমতায় ছিলো তাদেরকে আপনারা দেখেছেন। তাদের মধ্যে একটি দল তিন বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা এখন আবার ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আর নতুন কিছু দিবে না। ওই দল ক্ষমতায় আসলে জুলুম-চাঁদাবাজি ফিরে আসবে।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার লালমোহন উপজেলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
মুজিবুর রহমান আরো বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারী শ্রমজীবীদের আট ঘন্টা কাজ করতে হবে না, তারা পাঁচ ঘন্টা কাজ করবে। ৬০ বছরের ওপরে যাদের বয়স তারা ফ্রি চিকিৎসা পাবে। ৫ বছর বয়স পর্যন্ত শিশুরা বিনা পয়সায় চিকিৎসা পাবে। ফ্যাসিস্ট সরকার দেশের ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে এনে বেকারদের কর্মসংস্থান করা হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যাকাত চালু করা হবে।’
তিনি জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতীককে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করতে বলেন।
ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্যাহ এর সভাপতিত্বে এবং ভোলা জেলা শিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চলানায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা- ৩ আসনে জামায়াত সমর্থিত বিডিপির (ফুলকপি প্রতীক) সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম ও লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হক প্রমুখ।
কেকে/এসএএস