মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার ব্যাটালিয়ন প্রস্তুত : লে. কর্নেল খায়রুল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, পিএসসি।

বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় কক্সবাজারের খুরুশকুল রাস্তার মাথার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক আরও জানান, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রেরণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন প্রভাবিত করতে পারে—এমন যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।

তিনি জানান, ঝুঁকি বিবেচনায় কক্সবাজার জেলার সীমান্তবর্তী কিছু বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকল বিওপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, কক্সবাজার-৩ আসনে নির্বাচন উপলক্ষে কক্সবাজার সদর উপজেলায় ৬ প্লাটুন এবং ঈদগাঁও উপজেলায় ৫ প্লাটুনসহ মোট ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। 

বিশেষ করে কক্সবাজার সদর উপজেলার সার্বিক নিরাপত্তা বিবেচনায় গত ২৯ জানুয়ারি ২০২৬ থেকে একটি বেইজ ক্যাম্প, দুটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং কেএ-৯ ডগ স্কোয়াড, ড্রোন ও বডি অন ক্যামেরার মাধ্যমে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির বিশেষ অ্যাকশন টিম, কেএ-৯ ডগ স্কোয়াড, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার সর্বদা প্রস্তুত থাকবে।

পর্যটন নগরী কক্সবাজারে নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধ ও সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার ভিডিপির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে দায়িত্ব পালন করা হচ্ছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close