ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিপুল সংখ্যক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপি প্রার্থীকে সমর্থন জানান। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন তারা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে শিবচর উপজেলার খানবাড়িতে আয়োজিত উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। এ বৈঠকে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা।
একই মঞ্চে বিএনপি প্রার্থীর উপস্থিতি ও বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে এ ঘটনায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি দেখা দিয়েছে।
বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, “আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের দলের চেয়ারম্যান বলেছেন—সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলব সবার আগে শিবচর। এর কারণ প্রতিটি গ্রাম উপজেলা জেলা নিয়ে বাংলাদেশ। তাই আমরা ঠিক করেছি সবার আগে শিবচর। আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলব। ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারব না।”
বিএনপি প্রার্থী আরো বলেন, “আগামীতে কারো নামে কোনো মিথ্যা মামলা থাকবে না। নির্বাচনের পর আপনাদের কোনো অযথা হয়রানি করা হবে না। আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। আমরা এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়ব।”
মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, “এ অঞ্চলে আওয়ামী ভোট রয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হলেও ভোট তো বাদ হয়নি। ফলে যারা ভালো রাজনীতি করেছে, তারা মাঠে থাকলে দোষ হবে কেন?”
জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর ) আসনের প্রার্থী নাদিরা আক্তারকে সমর্থন জানিয়ে মঙ্গলবার পৌরসভার খান বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি, ফাহিমা আক্তার, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানা। সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানান।
কেকে/এজে