বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের অগ্রভাগে থাকবে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় শফিকুর রহমান বলেন, ‘বিগত দিনের শাসন ব্যবস্থায় সাধারণ মানুষ যে বৈষম্যের শিকার হয়েছে, তা দূর করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রয়োজন। সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার, যে শাস্তি হবে, একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সেই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েমে করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী সকলের জন্য সমান। আমরা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।’
তিনি বলেন, ‘তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্র পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ তার গর্বিত অংশীদার। কেন এই গণজোয়ার? মানুষ বিগত ৫৪ বছর শোষণ আর অপশাসন দেখেছে। দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরাতন বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সর্বক্ষেত্রে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই।’
জামায়াত আমির আরও বলেন, ‘জামায়াত রাষ্ট্রের দায়িত্বে গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করে গড়ে তোলা হবে। যে জাতি মায়েদের সম্মান করেন, সে জাতির সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। ছেলেদের মায়ের সম্মান রক্ষায় জীবন দিতে হবে। এই আমাদের অঙ্গীকার।’
সভায় শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের দলীয় তিন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাদেরকে বিজয়ী করতে সকলকে আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
কেকে/এসএএস