আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের নজর কাড়ছেন তাদের স্বজনরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জের নির্বাচনি জনসভা, উঠান বৈঠক ও গণসংযোগে তারা অংশ নেন।
বিশেষ করে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) মো. মহসিন মিয়া মধুর স্বজনদের সরব উপস্থিতিতে নির্বাচনি মাঠ এখন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
গতকয়েকদিনে নির্বাচনি মাঠ ঘুরে দেখা যায়, স্বামীর পক্ষে মাঠে নেমেছেন এম নাসের রহমানের সহধর্মিনী রেজিনা নাসের, পুত্র নাবিল রহমান, কন্যা আমিরা রহমান, সাবেক পরিকল্পনা মন্ত্রীর ছেলে সফিউর রহমান।
অন্যদিকে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর স্ত্রী, সন্তান ও স্বজনরাও কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং এলাকার উন্নয়নে মুজিবুর রহমান চৌধুরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী শ্রীমঙ্গল পৌরসভার পাঁচ বারের সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর স্ত্রী, কন্যা, নাতি, নাতনি, ভাই-ভাতিজা-ভাতিজিদের সরব উপস্থিতি ফুটবল প্রতীকের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।
শুক্রবার দিনব্যাপী শ্রীমঙ্গল-কমলগঞ্জের বিভিন্ন চা-বাগান এলাকাসহ বিভিন্ন স্থানে মহসিন মিয়ার পরিবারের সদস্যরা ফুটবল প্রতীকের গণসংযোগ অংশ নেন। এতে সাধারণ ভোটারদের মধ্যেও বেশ উৎসা-উদ্দীপনা দেখা গেছে।
অপরদিকে একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মাওলানা শেখ নুরে আলম হামিদীর পক্ষেও তাঁর আপন ভাই শেখ বদরুল আলম হামিদী, চাচা সাইদুর রহমান বর্ণভী, চাচাতো ভাই আহমদ আফজল বর্ণভী, ভাগনা সৈয়দ আতহার জাকওয়ানসহ পরিবারের সদস্যদের তৎপরতা লক্ষণীয়।
বলা যায় শুধু প্রার্থীরা-ই গণসংযোগ-প্রচারণায় নয় বরং প্রার্থীদের পক্ষে প্রচারণায় তাঁদের স্ত্রী-সন্তানসহ পরিবারের আন্যান্য সদস্যরাও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাঁরা ভোট প্রার্থনা করছেন। তাঁদের কাছে পেয়ে খুশি ভোটাররাও।
প্রসঙ্গত, জেলার ৭টি উপজেলা, ৬টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-১,২,৩ ও ৪ আসনে এবার মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিদ্বতা করছেন। তবে চারটি আসনেই হাড্ডাহাড্ডির লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
বিএনপি, ১১দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্ধীতা হবে।
কেকে/এমএফ