নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
এ সময় তিনি জানান, বিজয়ী হলে সদরের শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন সহ স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসা ও মন্দির উন্নত প্রযুক্তি সমৃদ্ধ কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সুযোগ সৃষ্টি করে কর্মক্ষম যুব সমাজকে বিদেশে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশনে ও মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করণে মাস্টার প্ল্যান গ্রহণ করা হবে।
খায়রুল কবির খোকন বলেন- উভয় পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, প্রশস্থ-রাস্তা, লাইটিং ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ, যানযট নিরসন, সামাজিক নিরাপত্তা, সহনীয় পৌর কর, জন্ম-মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট সহ অন্যান্য নাগরিক সুবিধা সহজীকরণ করা হবে।
শিল্প বান্ধব শিল্প নগরী হিসেবে নরসিংদী কে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়ে তিনি বলেন-বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুণরায় চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া ‘সমন্বিত চর উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করে চর এলাকার রাস্তা ঘাট, ব্রীজ-কালভার্ট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, দলগত ও পারিবারিক আধিপত্য নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ সহ ফেরি চলাচলের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। শিশু-কিশোরদের শিক্ষা, মেধা বিকাশে খেলার মাঠ ও চিত্ত বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে।
ইউনিয়ন ও নগর স্বাস্থ্য কেন্দ্র গুলো দুর্নীতিমুক্ত, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা, ভ্যাকসিনেশন ও গ্রাম ভিত্তিক মহিলা স্বাস্থ্য কর্মী নিয়োগ নিশ্চিতকরণ হবে। আহত জুলাই যোদ্ধাদের সু-চিকিৎসা ও পুনর্বাসন সহ স্মৃতি জাদুঘর নির্মাণ করার কথাও জানান তিনি।
এছাড়া দলের পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের সম্মানী ভাতা ও উৎসব ভাতার কথা উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, হারুন অর রশিদ, এম এ জলিল, গোলাম কবির কামাল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস