মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
জাতীয়
ভোটের আগে বেড়েছে অপপ্রচার ও গুজব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩২ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ২:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। দীর্ঘ ১৭ বছর পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশের আপামর জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতোমধ্যে ভোট দিতে রাজধানী ঢাকা ছেড়েছেন অধিকাংশ মানুষ। দেশজুড়ে সৃষ্টি হয়েছে ভোটের আমেজ। কিন্তু গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকেই নির্বাচন ও গণভোটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেড়ে গেছে অপপ্রচার ও গুজব। 

ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় চালানো হচ্ছে অপপ্রচার, ছড়ানো হচ্ছে গুজব। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে। এর সাথে আছে ভুয়া ফটো কার্ড দিয়ে অপপ্রচার। এসব ভিডিও ও গুজব ছড়িয়ে সহিংসতাকে উসকে দেওয়া হচ্ছে। অপপ্রচার ও গুজব দিয়ে টার্গেট করা হচ্ছে সংসদ সদস্য প্রার্থীদেরকেও।

একাধিক রাজনৈতিক দলের কর্মীরা একে অপরের বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে ফেক ফেসবুক পেজ থেকে বেশি অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে, অপপ্রচারে পিছিয়ে আছে বিএনপি।

এসব ভুয়া তথ্য ও অপপ্রচারের ফলে, ভোটার ও সাধারণ নাগরিকদের মধ্যে নির্বাচন নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। মানুষে মানুষে বাড়ছে অবিশ্বাস, রাজনীতিবিদদের মধ্যে তৈরি হচ্ছে ভুল বোঝাবুঝি ও একে অপরের প্রতি অসন্তোষ। বাড়ছে প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার আশঙ্কা। ভোটারদের মধ্যে বাড়ছে আতঙ্ক।

সচেতন নাগরিকরা বলছেন, এসব অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপপ্রচারকারী ও গুজববাজরা যাতে পার পেয়ে না যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে হতে হবে আরও সক্রিয়। 

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচনে ভোটারদেরকে বিভ্রান্ত করতে ভিন্ন ঘটনার পুরনো ভিডিও, এআই ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল ও কুরুচিপূর্ণ ও মানহানিকর ভিডিও-কনটেন্ট তৈরি করে প্রকাশ ও শেয়ার করা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের শেষ মুহূর্তে ভিন্ন ঘটনার পুরনো ভিডিওর ছড়াছড়ি লক্ষ্য করা গেছে।

দেখা গেছে, ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে পুরনো ভিন্ন ঘটনার ভিডিওকে সাম্প্রতিক রাজনৈতিক/নির্বাচনি প্রেক্ষাপটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। এআই জেনারেটেড ভিডিও দেখা গেছে, যেখানে পুরোটাই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বক্তব্য, দৃশ্য বা চরিত্র ব্যবহার করা হয়েছে, যাতে মনে হয় তা বাস্তব। এআই দিয়ে বানানো ভিডিওতে কোনো রাজনৈতিক নেতাকে এমন কিছু বলতে দেখানো হয়েছে; যা তিনি বাস্তবে বলেননি — যেমন ভোটারদের জন্য বা বিরোধীদের বিরুদ্ধে বক্তব্য, যা বিভ্রান্তি সৃষ্টি করে।

এসব ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ও বিভক্তি তৈরি করছে। নির্বাচন কমিশন ও বিশেষজ্ঞরাও ভিন্ন ঘটনার পুরনো ভিডিও ও এআই-জেনারেটেড কন্টেন্ট নিয়ে উদ্বিগ্ন। 

বিশ্লেষকরা বলছেন, ভিন্ন ঘটনার পুরনো ভিডিও ও এআই-জেনারেটেড ভিডিও ভোটারদের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে এবং সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। ভোটের সময় ফ্যাক্টচেকিং ও সঠিক তথ্য যাচাই আরও সক্রিয় করতে হবে।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম মহানগরের সভাপতি আখতার কবির চৌধুরী বলেন, ‘কোনো না কোন রাজনৈতিক দলের কর্মীরাই এসব করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছে। এগুলো খুবই দুঃখজনক। এগুলো খুবই নোংরা ও নিন্দনীয় কাজ। আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ভাল কাজের চেয়ে খারাপ কাজেই বেশি ব্যবহার করা হয়। যে বা যারাই করুক না কেন, দিনশেষে এগুলো রাষ্ট্র, দেশ ও নির্বাচনের জন্য এমনকি নিজের জন্যই ক্ষতিকর। অপসংস্কৃতি দিয়ে কিছু জয় করা যায় না।’

নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজকে সম্মিলিতভাবে এ ধরনের অপতৎপরতা রোধে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।


আরও সংবাদ   বিষয়:  ভোটের আগে   অপপ্রচার   গুজব  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close