মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শেষ মুহূর্তে খুলনা-৫ আসনে সুবিধাজনক অবস্থায় ধানের শীষের লবি
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খুলনায় দুই হেভিওয়েট প্রার্থীর মর্যাদার লড়াইয়ে জমে উঠেছে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনের নির্বাচনি দৃশ্যপট।

একদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবির লড়াই। নির্বাচন শুরুর সময়ে এগিয়ে থাকা সাবেক এমপি ও জামায়াতের শীর্ষ নেতা শেষ সময়ে এসে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

তাকে জেতাতে জনসভা ও গণসংযোগে অংশ নিয়েছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও হাসানাত আব্দুল্লাহর মতো নেতারা।

তারপরও আওয়ামী লীগের ভোটব্যাংক ও সনাতনী ভোটের জটিল সমীকরণে পড়েছেন ১১ দলীয় জোটের এই নেতা।

নিরবচ্ছিন্ন গণসংযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা এবং মুক্তিযুদ্ধের ইস্যু সামনে রেখে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন আলী আসগার লবি। মিয়া গোলাম পরওয়ার এই আসনের এবং আলী আসগার লবি খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও ফুলতলা উপজেলার চারটি ইউনিয়ন—মোট ১৮টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদের ১০৩ নম্বর আসনটি জেলার সবচেয়ে বড় সংসদীয় এলাকা। প্রথম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে একক আধিপত্য ধরে রেখেছে আওয়ামী লীগ। ১৯৮৬, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন ছাড়া বাকি নির্বাচনে জয় পেয়েছে দলটি। নির্বাচনে সরাসরি অংশ না নিলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয়ে আওয়ামী লীগের ভোটব্যাংকই মূল নিয়ামক হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খুলনা-৫ সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুলনার একমাত্র নারী প্রার্থী জাতীয় পার্টির শামিম আরা পারভীন ইয়াসমীনও এই আসনের প্রার্থী। এছাড়া কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র চিত্তরঞ্জন গোলদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আসনটিতে মোট ভোটার ৪,০২,৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৯,৩৫৪ জন, নারী ভোটার ২,০৩,৪৪৩ জন এবং হিজড়া ভোটার ১ জন।

পরিসংখ্যান বলছে, খুলনা-৫ আসনে কোনো নির্বাচনে এককভাবে জামায়াতে ইসলামী প্রার্থী জয়ী হতে পারেননি। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোটের প্রার্থী হিসেবে জয় পান জামায়াতে ইসলামী নেতা মিয়া গোলাম পরওয়ার। তিনি আওয়ামী লীগের প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দকে চার হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।

প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ফুলতলা উপজেলার বাসিন্দা। বিএনপি প্রার্থী আলী আসগার লবি ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের এম আলী হাফিজের ছেলে।

নির্বাচনি এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচন খুলনা-৫ আসনে বিএনপি ও জামায়াত জোটের জন্য মর্যাদার লড়াই। নির্বাচনের শুরুতে হেভিওয়েট প্রার্থী হিসেবে এগিয়ে ছিলেন সাবেক এমপি জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার। সনাতন অধ্যুষিত এলাকায় একাধিক জামায়াতের হিন্দু শাখা গঠন এবং এই শাখার শীর্ষ নেতা ব্যবসায়ী কৃষ্ণ নন্দীকে খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনে দলীয় মনোনয়ন দিয়ে চমক দেখান। এছাড়া সভা-সমাবেশে ঢাক-ঢোল নিয়ে সনাতন নারী-পুরুষদের অংশগ্রহণে ভোটের মাঠে তিনি বেশ সক্রিয় ছিলেন।

তবে শেষ মুহূর্তে সেই অবস্থানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিএনপি প্রার্থী আলী আসগার লবি। দলের অভ্যন্তরীণ মতপার্থক্য নিরসন, নিরবচ্ছিন্ন গণসংযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যান-মেম্বার) ও আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশের সমর্থন—এসব মিলিয়ে পাল্টে যাচ্ছে পুরনো হিসাব-নিকাশ। মহান মুক্তিযুদ্ধ, নারী ও সনাতন ভোটারদের নিরাপত্তা ইস্যু সামনে এনে সুবিধাজনক অবস্থানে রয়েছেন আলী আসগার লবি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খুলনা   আসন   সুবিধাজনক অবস্থায়   ধানের শীষ   লবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close