মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জ-৩ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল থেকে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁওয়ের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে অসংখ্য ভোটার। ফজরের নামাজের পরপরই অনেকে ভোটকেন্দ্রে চলে এসেছেন। দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন নারী ও পুরুষ ভোটাররা। তবে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর আয়োজিত এ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন বিপুলসংখ্যক তরুণ ভোটার। ভোট কেন্দ্রের ভিতরে এবং বাইরে তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ভোট দিতে আসা কয়েকজন ভোটারের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে ভোটের মাঠে প্রার্থী সংখ্যা ১১ জন হলেও প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি প্রতীকে। তারা হলেন— বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: ইকবাল হোসাইন ভূইয়ার।

অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা হলেন; মাথাল প্রতীকের প্রার্থী অঞ্জন দাস, ঘোড়া প্রতীকের প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম

কলম প্রতীকের প্রার্থী আবদুল করিম মুন্সী, ঈগল প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম, হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম মসীহ্

ফুটবল প্রতীকের প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন, রিক্সা প্রতীকের প্রার্থী মুহা: শাহজাহান, বটগাছ প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান নান্নু মুন্সী, ট্রাক প্রতীকের প্রার্থী মো. ওয়াহিদুর রহমান মিল্কী

মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা রাশেদুল ইসলাম রাব্বি নামে এক তরুণ ভোটার জানান, আমরা দেখেছি বিগত দিনগুলোতে চব্বিশের জুলাই আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচন করেছে। তারা দিনের ভোট রাতের অন্ধকারে করেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে ভোটে কারচুপির অভিযোগ থাকায় আমরা এতদিন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাইনি। এবার সেই সুযোগ হয়েছে। তাই পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ের আশা করছি।

বিলকিস আক্তার নামে এক নারী ভোটার বলেন, “দীর্ঘদিন পর আমার ভোট দিতে পেরে আমি অনেক খুশি। নির্বাচনে জয়ী যে দলই সরকার গঠন করবে, তারা যেন দেশের উন্নয়নে কাজ করে সেই প্রত্যাশা করি।”

জাহাঙ্গীর আলম নামে আরেক ভোটার জানান, “সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করে এক স্বৈরাচারী পতিত হয়েছে। কেউ যেন ক্ষমতায় গিয়ে নতুন করে স্বৈরাচার না করে, সেই দাবি করি।”

এদিকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে মাঠে রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি সদস্যরা।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে ভোট কেন্দ্র রয়েছে ২১০টি। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৭৬৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৭ হাজার ৬০ জন, নারী ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬৯৯ জন ও হিজড়া ভোটার ৪ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি দল। দলের পাশাপাশি অনেক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। তবে নিবন্ধন স্থগিত থাকায় এবারে ভোটে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   উৎসবমুখর   পরিবেশ   ভোটগ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close