ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনেই এবার প্রথম ভূমিধস জয় পেয়েছেন বিএনপির চার প্রার্থী। ফলাফলে বিএনপির নেতারা বিরাট ব্যবধানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করেছেন।
সাত উপজেলা, ছয় পৌরসভা ও ৬৭টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার জেলার সংসদীয় আসনের সংখ্যা চারটি— মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)।
এ চারটি সংসদীয় আসনের সবকটি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীরা বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন।
এছাড়া মৌলভীবাজার জেলার চারটি আসনেই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। হ্যাঁ ভোট ১২ লাখ ৭ হাজার ৪২৮ এবং না ভোট ১০ লাখ ৭ হাজার ৬৩৩টি। বৃহস্পতিবার গভীর রাতে সংসদীয় ভোট, গণভোট ও পোস্টাল ভোটিং গণনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল বেসরকারিভাবে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রাপ্ত ভোট ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন— মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দীন আহমেদ মিঠু। তিনি ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৪৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ও ১১ দল সমর্থিত মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৭৭ হাজার ৬১০ ভোট পেয়েছেন। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৪৬৯ ভোট এবং ‘না’ ৭৯ হাজার ৫২৭ ভোট।
মৌলভীবাজার-২ আসনে মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৭৪ হাজার ৬৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ও ১১ দল সমর্থিত মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে ৫৩ হাজার ৯৭ ভোট পেয়েছেন। এখানে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়। ‘হ্যাঁ’র পক্ষে ভোট পড়ে ৮৩ হাজার ৯৩০ এবং ‘না’ ভোট ৬৭ হাজার ৯৩৫টি।
মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে ৭৫ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ৩৩ হাজার ৯১৬ ভোট এবং ‘না’ ৭৮ হাজার ৬৭১ ভোট।
মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে ৪৯ হাজার ১৮৯ ভোট পেয়েছেন। এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু ফুটবল প্রতীকে ৩৩ হাজার ৯১১ এবং এনসিপির প্রীতম দাশ শাপলা কলি প্রতীকে ৪ হাজার ৮৭৫ ভোট পেয়েছেন।
কেকে/এলএ