মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজার-৪
আওয়ামী দুর্গে বিজয় নিশান ওড়াল বিএনপি
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে দীর্ঘদিন পর ‘আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ’ ভেঙে ইতিহাস গড়লেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। 

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সংসদীয় ভোট, গণভোট ও পোস্টাল ভোটে ধানের শীষ প্রতীকে হাজী মুজিব পেয়েছেন মোট ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪  ভোট। ফলে হাজী মুজিব ১ লাখ ২০ হাজার ৬৭৩ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

অনুসন্ধানে জানা গেছে মৌলভীবাজার-৪ আসনে ১৯৮৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মো. আহাদ মিয়া ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির শফিকুর রহমান ছাড়া এ আসনে আর কোনো দলের প্রার্থী জয়লাভ করতে পারেননি। আসনটিতে ১৯৮৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের মো. ইলিয়াস ১৯৯১, ১৯৯৬ সালের জুন, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের মো. আব্দুস শহীদ নির্বাচিত হয়েছিলেন। 

তবে এবার ওই দীর্ঘ ধারাবাহিকতায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনে চমক দেখালেন হাজী মুজিব। তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের দীর্ঘদিনের দুর্ভেদ্য দুর্গকে জয় করলেন। ফলে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক ইতিহাসের আমূল পরিবর্তন ঘটেছে। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে এবার ইতিহাস গড়ায় বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর এই জয়কে ‘ভূমিধস’ ও ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করছেন স্থানীয় ভোটার ও বিশ্লেষকরা। 

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে হাজী মুজিবই সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। এই ঐতিহাসিক ফলাফল মৌলভীবাজারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। 

দীর্ঘদিন ধরে এই আসনটি আওয়ামী লীগের দখলে থাকার পেছনে সংখ্যালঘু এবং চা শ্রমিকদের ‘ভোটব্যাংক’ বড় ভূমিকা পালন করেছে। চা শ্রমিক ও সংখ্যালঘুরা আওয়ামী লীগের নৌকার ভোটার ছিল। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করায় সেই সমীকরণ বদলে গেছে। হাজী মুজিবের ২৬ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূলের মানুষের সাথে নিবিড় যোগাযোগ, চা শ্রমিক, ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু হিন্দু ভোটারদের মধ্যে তাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে। এছাড়া গ্রামাঞ্চলের মুসলিম ভোটারদের বিশাল অংশও এবার ধানের শীষে ভোট দিয়েছেন। হাজী মুজিবের এই বিজয়ের পেছনে দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রাম, জেল-জুলুম সহ্য এবং অতীতের নির্বাচনে অংশগ্রহণও বিরাট অবদান রাখে। 

২০০১ সাল থেকে তিনি এই আসনে লড়াই করে আসছেন। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে তাকে শতাধিক মামলার মুখোমুখি হতে হয়েছে এবং প্রায় চার বছর কারাবরণ করতে হয়েছে। এমনকি তার কারাবন্দী অবস্থায় ছোট ভাই শামীম আহমেদের মৃত্যু এবং ব্যবসায়িক ধসের মতো ঘটনাগুলো সাধারণ মানুষের মনে তার প্রতি গভীর ভালোবাসা ও সহানুভূতির সৃষ্টি করে। বারবার পুলিশি অভিযানের মুখে ঈদের জামাত বা ইফতার মাহফিলে অংশ নিতে না পারার স্মৃতিগুলো ভোটারদের আবেগতাড়িত করেছে। 

স্থানীয়রা বলছেন, চা বাগানে শ্রমিক ও সংখ্যালঘু ভোটারদের একচেটিয়া সমর্থন এবং রাজনৈতিক পালাবদল, তরুণ ভোটারদের অংশগ্রহণ সব মিলিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনে তৃণমূল ভোটাররা নীরবে অবস্থান নেন।

বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর হাজী মুজিব বলেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ রাজনৈতিক পথচলার পর জনগণ আমাকে যে সম্মান দিয়েছে—তা চিরস্মরণীয়। মৌলভীবাজার-৪ আসনের মানুষের আস্থার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান কাজ। এই এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ। 

এ নির্বাচনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে গড় ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ। এ আসনে গণভোট ‘হ্যাঁ’ বিজয়ী হয়। ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়ে ১ লাখ ২৭ হাজার ৪২৮ ভোট। আর ‘না’ ভোট ১ লাখ ৭ হাজার ৬৩৩টি।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার-৪   আওয়ামী দুর্গ   বিজয় নিশান   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close