শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
রাজনীতিতে লুৎফুজ্জামান বাবরের রাজকীয় প্রত্যাবর্তন
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম
লুৎফুজ্জামান বাবর

লুৎফুজ্জামান বাবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে রাজনীতিতে আলোচিত প্রত্যাবর্তন ঘটিয়েছেন। দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর জনসমক্ষে ফিরে এসে এমন ঐতিহাসিক জয় অনেকের কাছেই ‘রাজকীয় প্রত্যাবর্তন’ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, লুৎফুজ্জামান বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় সোয়া লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। মোট ১৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে সবকটিতেই তার নিরঙ্কুশ প্রাধান্য দেখা গেছে। এই বিপুল ব্যবধান শুধু একটি নির্বাচনি সাফল্য নয়; বরং এটি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, আস্থা ও রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন স্থানীয়রা।

দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা ও একটানা কারাবাস—এই দুই কঠিন অধ্যায় অতিক্রম করে নির্বাচনে অংশগ্রহণ ও বিজয় তার রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। একসময় তিনি নিজেও সক্রিয় রাজনীতিতে ফেরা নিয়ে সংশয়ে ছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। তবে এবারের গণরায় তার রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে শক্ত ভিত তৈরি করেছে। 

নির্বাচনের পর জনমনে এখন একটি বড় প্রশ্ন—এই ঐতিহাসিক জয়ের মর্যাদা রেখে তিনি কি সকলের আস্থা অটুট রাখতে পারবেন? অতীতে এলাকায় তার উদার ও দানশীল ভাবমূর্তি ছিল আলোচিত। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই ভাবমূর্তি কতটা ধরে রাখতে পারবেন, তা নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন লুৎফুজ্জামান বাবর। তার বক্তব্য, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন। দীর্ঘ সময় তিনি নিজেই নানা প্রতিকূলতার শিকার হয়েছেন; তাই রাজনৈতিক কারণে কাউকে হয়রানির শিকার হতে দেবেন না। 

দল-মত নির্বিশেষে প্রতিটি নাগরিক তার কাছে সমান গুরুত্ব পাবেন—এমন আশ্বাসও দিয়েছেন তিনি।

এখন এলাকাবাসীর প্রত্যাশা—নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন, কৃষিভিত্তিক উদ্যোগে সহায়তা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সময়ের দাবি। 

পাশাপাশি, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসা সুবিধা চালু, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকেও অগ্রাধিকার হিসেবে দেখছেন সচেতন মহল।

রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা রয়েছে—এই বিপুল জয়ের পর তাকে আবারও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, দলীয় মহলে তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে জানা গেছে।

নেত্রকোনা-৪ আসনের জনগণ উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে রায় দিয়েছেন। এখন মূল চ্যালেঞ্জ—এই আস্থাকে সুশাসন ও কার্যকর নেতৃত্বে রূপান্তর করা। দীর্ঘ সংগ্রামের পর রাজনৈতিক অঙ্গনে ফিরে এসে লুৎফুজ্জামান বাবরের সামনে সুযোগ এসেছে নিজেকে নতুনভাবে প্রমাণ করার।

রাজনীতিতে প্রত্যাবর্তনের গল্প অনেক আছে; তবে জনগণের প্রত্যাশার ভার কাঁধে নিয়ে এই ‘রাজকীয় প্রত্যাবর্তনকে’ টেকসই সাফল্যে রূপ দেওয়াই হবে তার প্রকৃত অর্জন। নেত্রকোনা-৪ এখন তাকিয়ে—এই বিশাল গণরায় কীভাবে উন্নয়নের নতুন ইতিহাস রচনা করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   লুৎফুজ্জামান বাবর   রাজকীয় প্রত্যাবর্তন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close