ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন সরকার গঠনে বড় চমক আসছে মন্ত্রীসভায়। মাগুরা-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য সরকারিভাবে ডাক পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচনি ফলাফল ও বিজয় গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মাগুরা-২ (শালিখা ও মহম্মদপুর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী ১ লাখ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (দাঁড়িপাল্লা প্রতীক) মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮০৭ ভোট।
শপথ গ্রহণ ও সরকার গঠন আজ মঙ্গলবার সকালেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে বিএনপির সংসদ নেতা ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শপথ নেন নতুন এমপিরা। এরপর সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।
শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।
উল্লেখ্য, এই জয়ের মাধ্যমে বাংলাদেশে ইতিহাসে বিএনপি ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে। মাগুরা-২ আসন থেকে বর্ষীয়ান এই নেতার মন্ত্রিসভায় ডাক পাওয়ার খবরে তার নির্বাচনি এলাকা মহম্মদপুর ও শালিভায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
কেকে/ এমএস