দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল এবং বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, “উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নের ফলে লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমেছে।”
মন্ত্রী জানান, গ্রীষ্মকালীন চাহিদা মোকাবিলায় বিদ্যুৎকেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকায় উৎপাদনে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা নেই। তবে কোথাও যান্ত্রিক ত্রুটি বা লাইনের কাজ চললে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
তিনি বলেন, “বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অগ্রাধিকার হচ্ছে রমজানটাকে সুষ্ঠুভাবে চালানো। এছাড়া সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল সামাল দেওয়া, যা কঠিন। কিন্তু আমি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপণে চেষ্টা করছি।”
মন্ত্রী আরও উল্লেখ করেন, “এটি টেকনিক্যাল বিষয়; দু-একটি ফল্টের কারণে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে।”
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম শহরের হোসেনপুরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বিদ্যুৎ খাতে বিগত সময়ে থাকা বকেয়া এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে এটি আমার জন্য কঠিন এক অগ্নিপরীক্ষা। আমি চেষ্টা করছি, কিভাবে এটি ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়।”
দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জ পৌঁছানোর পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং পরে শিয়ালকোলের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। কেন্দ্রীয় জামে মসজিদে মন্ত্রী ইফতার করার কথা রয়েছে।
কেকে/এলএ